সিলেটে নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর সুরমা নদী থেকে মা ও তার ১১ মাস বয়সী শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত আড়াইটার দিকে সিলেট নগরীর মাছিমপুর এলাকার সুরমা নদীর ঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামের বাসিন্দা জীবনানন্দ বিশ্বাসের স্ত্রী মঞ্জুশ্রী চক্রবর্তী প্রমি (৩৩) এবং তাদের শিশু সন্তান জয়স্মিতা বিশ্বাস। তারা সিলেটের মাছিমপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। মেয়ের চিকিৎসা ও ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করতে করতে মঞ্জুশ্রী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এর পর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এদিকে মর্মান্তিক এ ঘটনায় চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামসহ স্বজন, বন্ধু ও পরিচিতজনের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কাউকে কিছু না জানিয়ে মঞ্জুশ্রী তার শিশুকন্যাকে নিয়ে বাসা থেকে বেরিয়ে যান। নিখোঁজ হওয়ার প্রায় ১০ ঘণ্টা পর তাদের মরদেহ নদীতে পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার সোবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শিপলু চৌধুরী। নিহত মঞ্জুশ্রীর স্বামী জীবনানন্দ বিশ্বাস জানান, তাদের শিশুসন্তান জয়স্মিতা থ্যালাসেমিয়ায় আক্রান্ত ছিল। ঘটনার পর মা ও মেয়ের মরদেহ উদ্ধারের খবর পান স্বজনরা। এ ঘটনার তদন্ত করছে পুলিশ। এর আগে ওইদিন বিকাল সাড়ে ৪টার দিকে মা ও মেয়ে নিখোঁজ হন।

