ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগ দেবে বোয়েসেল, অনলাইনে আবেদনের সুযোগ

সরকারিভাবে ব্রুনাই দারুসসালামে দক্ষ পুরুষ কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল) এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে ব্রুনাইয়ের ১৯টি ভিন্ন কোম্পানিতে মোট ৩৭০ জন কর্মীকে কাজের সুযোগ দেওয়া হবে। গত ২২ নভেম্বর সংস্থাটির ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোছা. নাজমুন নাহারের স্বাক্ষরে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়।

আগ্রহী প্রার্থীরা ইতিমধ্যে অনলাইনে আবেদন করতে পারছেন। গত ২৩ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া আগামী ২৭ নভেম্বর শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত চলমান থাকবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্দিষ্ট পোর্টাল (oep.gov.bd/job-circulars) ব্যবহার করে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন করার সময় ১০০ টাকা এবং এর সাথে প্রযোজ্য সার্ভিস চার্জ প্রদান করতে হবে, যা অফেরতযোগ্য।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্মাণ শ্রমিক, সাধারণ শ্রমিক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, খামার শ্রমিক, প্লাস্টার মিস্ত্রি, প্লাম্বার, নাপিত, কাঠ মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, মেশিন অপারেটর, যানবাহন মেকানিক ও ড্রাইভার পদে কর্মী নেওয়া হবে।

আবেদনকারীদের বয়স ২০ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই থেকে তিন বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

বেতন কাঠামো অনুযায়ী, বেশিরভাগ পদের জন্য দৈনিক মজুরি ২০ থেকে ২৩ ব্রুনাই ডলার নির্ধারণ করা হয়েছে। তবে ড্রাইভার ও যানবাহন মেকানিক পদে মাসিক বেতন ৬৫০ ডলার। নির্বাচিত কর্মীদের সঙ্গে দুই বছর মেয়াদী শ্রম চুক্তি স্বাক্ষরিত হবে, যা নবায়নযোগ্য। প্রতিদিন আট ঘণ্টা ডিউটির নিয়ম প্রযোজ্য হবে এবং ব্রুনাইয়ের শ্রম আইন অনুযায়ী ওভারটাইম, চিকিৎসা, বীমা ও ছুটির সুবিধা পাওয়া যাবে। নিয়োগকর্তা বিমান ভাড়া ও আবাসনের দায়িত্ব নিলেও খাবারের খরচ কর্মীকে নিজে বহন করতে হবে।

চূড়ান্তভাবে নির্বাচিত হওয়ার পর দক্ষ কর্মীদের ৫৮ হাজার ৩৫০ টাকা এবং আধা-দক্ষ বা অদক্ষ কর্মীদের ৪৬ হাজার ৮৫০ টাকার পে-অর্ডার জমা দিতে হবে। সোনালী ব্যাংকের মগবাজার শাখা থেকে ‘বোয়েসেল, ঢাকা’ শিরোনামে এই পে-অর্ডার সংগ্রহ করতে হবে। এর বাইরে দূতাবাস নির্ধারিত ভিসা ফি এবং বাংলাদেশে সম্পন্ন করা মেডিক্যাল পরীক্ষার খরচও প্রার্থীকে বহন করতে হবে। ইংরেজি ও মালয় ভাষায় দক্ষ প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের প্রতারণা বা আর্থিক ঝুঁকি এড়াতে সতর্কবার্তা দিয়েছে বোয়েসেল। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের কোনো এজেন্ট, সাব-এজেন্ট বা শাখা কার্যালয় নেই। এছাড়া বোয়েসেল কখনোই সরাসরি নগদ অর্থ গ্রহণ করে না। প্রার্থীদের সাক্ষাৎকার ও চূড়ান্ত তালিকার বিষয়ে শুধু তাদের অফিসিয়াল ওয়েবসাইট (boesl.gov.bd), ফেসবুক পেজ এবং BOESL আইডিযুক্ত পোর্টাল বা নির্দিষ্ট মোবাইল নম্বর (০১৫৫২১৪৬৫৫৬) থেকে এসএমএস পাঠানো হবে। পাশাপাশি BOESL লেখা পোর্টাল অথবা 01552146456 নম্বর থেকে প্রার্থীদের এসএমএস পাঠানো হবে।

নিয়োগ সংক্রান্ত যেকোনো জরুরি প্রয়োজনে ০১৭৬৫-৪১১৬৫৩ অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হটলাইন ০৯৬১৮৮৮৪২৭১ নম্বরে যোগাযোগ করতে পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।