ইউক্রেন যুদ্ধে ৭ লাখের বেশি রুশ সেনার প্রাণহানি ঘটেছে বলে এক নতুন পরিসংখ্যানে উঠে এসেছে। ২৩ নভেম্বর (সোমবার) প্রকাশিত এই হিসাব অনুযায়ী, মস্কোর সামরিক ক্ষতির যে পরিমাণ আগে ধারণা করা হয়েছিল, প্রকৃত পক্ষে হতাহতের সংখ্যা তার চেয়ে অনেক বেশি। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে এই তথ্যের সবিস্তার বিবরণ তুলে ধরা হয়েছে। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। জানা যায়, এ জন্য রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাট থেকে ইউক্রেনপন্থী দুই হ্যাকার গোষ্ঠীর সংগ্রহ করা বিপুল পরিমাণ নতুন তথ্য ব্যবহার করেছে তারা। বেলারুশের সাইবার পার্টিজানস ও সাইলেন্ট ক্রো নামের ওই দুই গোষ্ঠী সাম্প্রতিক সপ্তাহগুলোয় বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে এসব তথ্য প্রকাশ করেছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার কত সেনা নিহত হয়েছেন, সেটা নিয়ে আগের হিসাবগুলোর তুলনায় নতুন এই হিসাবে প্রাণ হারানোর সংখ্যা অনেক বেশি। পাশাপাশি এই যুদ্ধে কত সেনা হতাহত হয়েছেন, রুশ জনগণের কাছ থেকে সে তথ্য গোপন রেখেছে ক্রেমলিন। ফলে যুদ্ধের সম্মুখসারিতে কতটা প্রাণহানি ঘটেছে, সে সম্পর্কে বেশির ভাগ রুশ নাগরিকের ধারণা খুবই সীমিত। প্রায় পাঁচ বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণমাত্রার যুদ্ধ চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অদূর ভবিষ্যতে এই যুদ্ধ বন্ধ করার কোনো ইঙ্গিতও দেখা যাচ্ছে না তার মধ্যে।
রাশিয়ার বাইর থেকে কার্যক্রম চালানো দুটি রুশ স্বাধীন সংবাদমাধ্যম—মেদুজা এবং মিডিয়াজোনা যৌথভাবে নিহত সেনাদের এই নতুন তালিকা ও পরিসংখ্যান প্রকাশ করেছে। প্রতিবেদনটিতে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত রাশিয়া সরকারিভাবে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার মৃত্যু আনুষ্ঠানিকভাবে নথিভুক্ত করেছে।
তবে সরকারি তথ্যে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। মেদুজা ও মিডিয়াজোনা তাদের পর্যালোচনায় দেখেছে, সরকারি নথিতে চলতি বছরের বড় একটি সময় এবং গত বছরের বহু সেনার প্রাণহানির হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে সেই বাদ পড়া তথ্য যুক্ত করে নতুন হিসাব কষে নিহতের মোট সংখ্যা ৭ লাখ ছাড়িয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তারা।

