শান্তিতে নোবেল বিজয়ী এবং সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ওপর চলমান পরিকল্পিত অগ্নিসংযোগ ও সন্ত্রাসের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোরালো দাবি জানান। ড. ইউনূস বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে পরিকল্পিতভাবে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
এক বিবৃতিতে প্রফেসর ইউনূস উল্লেখ করেন, গ্রামীণ ব্যাংক বিশ্বের দরিদ্র মানুষের, বিশেষত প্রান্তিক নারীদের মালিকানাধীন একটি প্রতিষ্ঠান। গত ২০ বছর আগে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠার ৫০ বছর এবং পুরস্কার অর্জনের ২০তম বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে। কিন্তু বর্তমানে ব্যাংকটির ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ওপর এটি এক বড় আঘাত। তিনি জানান, নভেম্বর মাসের শুরু থেকে প্রতিদিন দেশের প্রায় ১০০টি শাখা পেট্রোল বোমা হামলার শিকার হচ্ছে। এসব হামলার সময় আক্রমণকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছে এবং স্থানীয় গণমাধ্যমের তথ্যানুযায়ী, এর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। ২০ বছর আগে নোবেল কমিটি এই প্রতিষ্ঠানকে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করেছিল। বর্তমানে গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ ঋণগ্রহীতার ৯৭ শতাংশই নারী উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকটির ঋণ আদায়ের হার ৯৫ শতাংশের বেশি।
হামলাকারীরা মিথ্যার আশ্রয় নিয়ে নিজেদের কর্মকাণ্ডের পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছে বলে দাবি করেন ড. ইউনূস। তিনি স্পষ্ট করেন যে, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ শেয়ারের মালিক ঋণগ্রহীতারা এবং বাকি ১০ শতাংশ সরকারের। তিনি বলেন, ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার তাকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করার পর থেকে প্রতিষ্ঠানের পরিচালনা বা ব্যবস্থাপনার সঙ্গে তার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কোনো কালেই তিনি এই ব্যাংকের শেয়ারের মালিক ছিলেন না। তবুও উদ্দেশ্যমূলকভাবে তাকে এই হামলার সঙ্গে জড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
চট্টগ্রামে নিজের পৈতৃক বাড়িতে হামলার কথা উল্লেখ করে তিনি জানান, সেখানে তার ছোট ভাইয়ের পরিবার বসবাস করত। পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানের নেত্রী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়ি, বিএনপির তিন সংসদ সদস্যের বাসভবন এবং বেশ কয়েকটি থানায়ও একই কায়দায় অগ্নিসংযোগ করা হয়েছে। ড. ইউনূস বলেন, গ্রামীণ ব্যাংকের ১ কোটি ১০ লাখ মালিক ও নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আইনি প্রক্রিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে যাতে দরিদ্র নারীদের জন্য ব্যাংকের সেবা কার্যক্রম বাধাগ্রস্ত না হয়।
নিজের বক্তব্যের শেষে ড. ইউনূস বিশ্বজুড়ে গ্রামীণ ব্যাংকের শুভাকাঙ্ক্ষী ও বন্ধুদের প্রতি আহ্বান জানান যেন যারা এই ধ্বংসাত্মক হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করছে, তাদের শুভবুদ্ধি ফেরাতে তারা ভূমিকা রাখেন। ব্যাংকটির ক্ষুদ্রঋণ মডেল বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনের হাতিয়ার হিসেবে স্বীকৃত, যা নারীদের আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবন গড়তে সহায়তা করে। এই প্রতিষ্ঠানের ওপর আঘাত মানেই গ্রামীণ নারীদের ভবিষ্যৎ ও স্বাধীনতার ওপর সরাসরি হামলা বলে তিনি মন্তব্য করেন।

