পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ অভিযোগ করেছেন, বিএনপি কখনো সন্ত্রাসের রাজনীতিতে জড়ায় না, বরং আওয়ামী লীগই দেশের একমাত্র সন্ত্রাসী দল হিসেবে আবারো প্রমাণিত হয়েছে। রোববার নগরকান্দা উপজেলা যুবদলের আয়োজনে এক বিক্ষোভ মিছিল শেষে আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন। শামা ওবায়েদ বলেন, বর্তমানে তারেক রহমান বাংলাদেশের গণতান্ত্রিক ধারা পুনরুদ্ধারের চেষ্টা করছেন এবং বিএনপিসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত এই মিছিলটি নগরকান্দার আলগা দিয়া থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। পরিশেষে মিছিলটি বিশ্বরোডের আলগা দিয়া মুক্তিযোদ্ধা চত্বরে গিয়ে সমাপ্ত হয়।
সমাবেশটির সভাপতিত্ব করেন নগরকান্দা উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোদ্দাররেছ আলী ইছা, নগরকান্দা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও লস্করদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুর রহমান টুলু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলীমুজ্জামান সেলু মিয়া, নগরকান্দা পৌর বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বদরুজ্জামান তারা মোল্যা, নগরকান্দা পৌর যুবদলের আহ্বায়ক হেলাল উদ্দিন হেলালসহ স্থানীয় যুবদলের নেতারা। উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাবেক ছাত্রনেতা রবিউল ইসলাম বাবু ও যুবনেতা নাজমুল হোসেন রাজুসহ অন্যান্য নেতাকর্মীরা।

