রোহিঙ্গা মৃত্যুর ঘটনা স্বীকৃতি দিয়ে মিয়ানমারের ৫ কর্মকর্তার ওপর বৃটেনের নিষেধাজ্ঞা

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে বৃটেনসহ বিশ্বের ১৪টি দেশ।

সোমবার ইউরোপ, আফ্রিকা ও ওশেনিয়ার এই দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে আইসিজের ঐতিহাসিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মিয়ানমারকে আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানান। বিবৃতিতে স্পষ্ট করা হয় যে, গণহত্যা সনদের অধীনে মিয়ানমারের দায়বদ্ধতা রয়েছে এবং আদালতের রায় দেশটির জন্য পালন করা বাধ্যতামূলক। যৌথ বিবৃতিতে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া।

একই সঙ্গে মিয়ানমারের সেনাবাহিনীর পাঁচ শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বৃটেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, রোহিঙ্গাদের ওপর ভয়াবহ নিপীড়নের দায়বদ্ধতা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেয়া হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা কর্মকর্তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে এবং বৃটেনে তাদের প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। পাশাপাশি, মিয়ানমারের সামরিক বাহিনীর কাজে ব্যবহৃত এভিয়েশন ফুয়েল বা বিমান জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধে আইনগত প্রক্রিয়া শুরুর পরিকল্পনা করছে লন্ডন। এর আগে, আইসিজের রায় ঘোষণার পরপরই মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল বৃটিশ সরকার। একই সঙ্গে একে ‘বড় ধরনের হতাশা’ বলে উল্লেখ করেছে তারা।

মানবিক সহায়তার অংশ হিসেবে রাখাইন রাজ্যে বসবাসরত রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড অনুদান দিচ্ছে বৃটেন। এই সহায়তার মাধ্যমে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ জরুরি সেবা ও জীবনরক্ষাকারী সহায়তা পাবেন। এছাড়াও মিয়ানমারে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের জন্য ন্যায়বিচার ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে আরও ৩০ লাখ পাউন্ড ব্যয় করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাখাইন রাজ্যে ২০১৭ সালে সামরিক অভিযানে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আইসিজে ১৯শে নভেম্বর তাদের ঐতিহাসিক রায় প্রদান করে। আদালতের ৮০ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে সরাসরি গণহত্যার দায়ে অভিযুক্ত করা হলো। এর মাধ্যমে সবচেয়ে বেশি প্রয়োজন রয়েছে এমন প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ উপকৃত হবেন।

আইসিজের এই রায়কে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সামরিক অভিযানের বিচারিক ফলাফলের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে মিয়ানমার সরকার শুরু থেকেই এই রায়কে অন্যায্য ও হতাশাজনক হিসেবে অভিহিত করে প্রত্যাখ্যান করেছে। গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতি এবং সামরিক কর্মকর্তাদের বিরুদ্ধে নতুন এই নিষেধাজ্ঞার ফলে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পেল।