প্রয়োজনে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: মীর শাহে আলম

সংবিধান সংশোধন প্রক্রিয়ায় প্রয়োজনে বিরোধী দলগুলোকে সাথে নিয়ে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শনিবার রংপুরে একটি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, নতুন করে ভাবার সময় এসেছে। সংবিধান সংশোধনের প্রয়োজন হলে বর্তমান সরকার এবং বিরোধী দলগুলো ঐকমত্যের মাধ্যমে সেই উদ্যোগ গ্রহণ করবে এবং আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করবে।

মীর শাহে আলম বলেন, এই বাংলাদেশের মানুষ দীর্ঘ আন্দোলনের পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে। তিনি আরও জোর দিয়ে বলেন, এই বাংলাদেশ এখন আর কারো তাঁবেদারি করবে না। বরং দেশের জনগণ ও স্বাধীনতার পক্ষে থেকে লাল-সবুজের পতাকার মান রক্ষায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে।

জাতীয় সংসদের শেষ অধিবেশনের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, পরাজিত ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলো বিভিন্ন জায়গায় পেট্রোল বোমা নিক্ষেপ ও থানা পুড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা শহীদ আবু সাঈদের মতো আত্মদানকারী শহীদদের ত্যাগের কথা ভুলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। তবে বর্তমান সরকার অত্যন্ত মানবিক, ধৈর্যশীল এবং গণতন্ত্রের প্রতি আস্থাশীল। আগের সরকারের মতো গুম-হত্যা বা গুলি চালিয়ে বিরোধী মত নির্মূলের নীতিতে বিশ্বাসী নয় বলেই বর্তমান সরকার ধৈর্যের পরিচয় দিচ্ছে। সব পরিস্থিতি অত্যন্ত সতর্কভাবে মোকাবিলা করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।