নিষেধাজ্ঞা অমান্য করে নাশকতা: গ্রেপ্তার ৪৭৪, গোয়েন্দাদের হাতে চাঞ্চল্যকর ছক

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল আওয়ামী লীগের আসন্ন ২৯ ও ৩০শে নভেম্বর কেন্দ্রিক ৪৮ ঘণ্টার লকডাউন কর্মসূচিকে ঘিরে নতুন নাশকতার ছক কষছে দলটি। পলাতক নেতারা দেশের বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এসব কর্মসূচি ঘোষণা করছেন। গত সপ্তাহেও একই ধরনের ধর্মঘট ও লকডাউন ডেকেছিল দলটি। গোয়েন্দা তথ্যে জানা গেছে, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা চালানোই তাদের মূল লক্ষ্য। কোনো কোনো ক্ষেত্রে নিজ দলের নেতাকর্মী, আবার কখনো ভাড়ার লোক ব্যবহার করে বাসে অগ্নিসংযোগ, ককটেল ও পেট্রোল বোমা নিক্ষেপের মতো ঘটনা ঘটানো হচ্ছে। বিশেষ করে থানা, পুলিশ বক্স, এসআরবি ক্যাম্প, সিআইডি ও এসবি কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ও প্রশাসনিক দপ্তরগুলোকে টার্গেট করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে। আগামী ২৯ ও ৩০শে নভেম্বর ৪৮ ঘণ্টার লকডাউন ঘোষণা করেছে গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া দলটি। গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ, মোবাইল ফোনের কথোপকথন, সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা এবং মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন বিশ্লেষণ করে অর্থের জোগানদাতা, পরিকল্পনাকারী ও মাঠপর্যায়ের সমন্বয়কারীদের শনাক্তের চেষ্টা চলছে। গোয়েন্দা সংস্থাগুলো এসব তথ্যই যাচাই বাছাই করছে।

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত ৭ থেকে ২০শে নভেম্বর পর্যন্ত সারা দেশে অর্ধশতাধিক যানবাহনে অগ্নিসংযোগ ও শতাধিক স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব নাশকতার ঘটনায় মামলা ও গ্রেপ্তারের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার রাতেও ডিএমপি রাজধানীজুড়ে অভিযান চালিয়ে সংসদ সদস্য ও চলচ্চিত্র অভিনেতাসহ ৪৭৪ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১২৪ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্য। এছাড়াও বিভিন্ন চেকপোস্ট থেকে তাজা ককটেলসহ একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাষ্যমতে, নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বর পর্যন্ত বড় ধরনের নৈরাজ্য সৃষ্টির পরিকল্পনা করছে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ থেকে লোক জড়ো করে রাজধানীর প্রবেশপথ অবরোধ এবং সরকারি স্থাপনায় হামলা চালানোর ছক রয়েছে তাদের। তাদের মুখের বয়ান, ফোনের বিভিন্ন গ্রুপের আলামতে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন- শুধু বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ নয়, নভেম্বর মাসের শেষের দিকে রাজধানীর প্রবেশপথ অবরোধ, জমায়েত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে হামলাসহ কার্যক্রম নিষিদ্ধ দলের এই নাশকতার ঘটনা বাড়তে পারে আরও কয়েকগুণ। এ ছাড়াও শ্যামলী মোড়ের চেকপোস্টে ৪টি তাজা ককটেলসহ মো. রাসেল নামে একজনকে আটক করে আদাবর থানা পুলিশ। লালবাগ থেকেও যুবলীগ ও আওয়ামী লীগের ৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর রাজধানীর প্রবেশমুখ, গুরুত্বপূর্ণ সড়ক ও যোগাযোগ-ব্যবস্থায় অবরোধ করে ঢাকাকে কার্যত অচল বা বিচ্ছিন্ন করার চেষ্টা হতে পারে। সরকারি অফিস-ভবন, আদালত, থানা, আর্থিক প্রতিষ্ঠান, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং যোগাযোগব্যবস্থাকে লক্ষ্য করেও হামলার আশঙ্কা রয়েছে।

গোয়েন্দা সূত্রের খবর, নাশকতার অর্থ ও দিকনির্দেশনা আসছে বিদেশে অবস্থানরত নেতাদের কাছ থেকে।

তারা দেশের বিভিন্ন এলাকায় ছোট ছোট কমিটি গঠন করে বিশৃঙ্খলা সৃষ্টির সমন্বয় করছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, নাশকতায় জড়িত অর্থ জোগানদাতা ও ইন্ধনদাতাদের নাম গোয়েন্দাদের হাতে এসেছে। তাদের মধ্যে কেউ বিদেশে, কেউবা ঢাকার ভেতরেই আত্মগোপনে আছেন। ১৭ই নভেম্বর মিরপুর-১০ এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি ২৯০ গ্রাম গান পাউডারসহ মামুন অর রশীদ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। জিজ্ঞাসাবাদে মামুন জানিয়েছে, মেহেরপুরের এক নেতার মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে গান পাউডার সংগ্রহ করে ইব্রাহিম হোসেন মুন ও মেঘলা মিলিকে হস্তান্তরের পরিকল্পনা ছিল। পুলিশ এরই মধ্যে মুন ও মেঘলা মিলিকে গ্রেপ্তার করেছে এবং তাদের ফোন থেকে বাথরুমের ভেতরে গান পাউডার পরীক্ষার ভিডিও ও কথোপকথনের রেকর্ড উদ্ধার করা হয়েছে। তাদের মোবাইল ফোন থেকে গান পাউডার আনা এবং কোথায় কোথায় বিতরণ করা হবে, সে বিষয়ে কথোপকথনের কিছু ভয়েস রেকর্ডও পাওয়া গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ তৎপরতা বাড়িয়েছে। পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের এআইজি কামারুম মুনিরা জানান, সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল বৃদ্ধি, ব্লক রেইড ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো নাশকতা মোকাবিলায় পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে। সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি এড়াতে নভেম্বর মাসজুড়ে সারা দেশে প্রায় ১ লাখ ৭০ হাজার থেকে ১ লাখ ৮০ হাজার পুলিশ সদস্য মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া মাঠপর্যায়ে পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানোসহ সরকারি দল ও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে নির্দেশ দেয়া হয়েছে। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার প্রবেশপথগুলোতে যেকোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি রোধে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। পুলিশের দাবি, অপরাধীদের শনাক্ত করে দ্রুততম সময়ে আইনের আওতায় আনতে সব ধরনের প্রযুক্তিগত ও কৌশলগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থানায় থানায় দেয়া হয়েছে সতর্কমূলক বার্তা। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।