গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পথে রয়েছে। শহরজুড়ে দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো খুলতে শুরু করলেও জনজীবনে রয়ে গেছে আতঙ্কের রেশ। শুক্রবার সকাল ৮টা থেকে শহর ঘুরে দেখা গেছে, মানুষের মধ্যে এখনো একধরনের চাপা উদ্বেগ কাজ করছে। স্বাভাবিক সময়ের তুলনায় রাস্তায় জনসমাগম অনেক কম এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার প্রবণতাও কম লক্ষ্য করা গেছে। পুরো শহরেই একধরনের সুনসান নীরবতা বিরাজ করছে।
শহরের সদর উপজেলার লঞ্চঘাট, পুলিশ লাইন এবং আশপাশের এলাকাগুলোতে কিছু দোকানপাট খোলা দেখা গেছে। সেই সঙ্গে যানবাহন ও মানুষের চলাচল ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। তবে এই স্বাভাবিক অবস্থা পুরোপুরি ফিরে আসতে আরও সময়ের প্রয়োজন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আতঙ্ক ও অনিশ্চয়তার দোলাচলেই জনজীবন ছন্দে ফেরার চেষ্টা করছে।
শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ সদস্যদের অবস্থান নিতে দেখা গেছে। দায়িত্বরত আইনপ্রয়োগকারী সদস্যরা জানিয়েছেন, তারা নিয়মিত ডিউটি পালন করছেন এবং গোপালগঞ্জ সদরের পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। পুরো শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

