সৌদির রিয়াদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, টাওয়ারে ব্যাপক ক্ষয়ক্ষতি

ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সুউচ্চ টাওয়ার লক্ষ্য করে হামলা চালিয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবি অনুযায়ী, আক্রান্ত স্থাপনাটি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) টাওয়ার, যা রিয়াদের সবচেয়ে উঁচু ভবন এবং দেশটির সার্বভৌম সম্পদ তহবিলের সদর দপ্তর। সৌদি কর্তৃপক্ষের ভাষ্যমতে, এই হামলায় ভবনটির বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। বৃহস্পতিবার সৌদি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, হামলায় টাওয়ারটিসহ আশপাশের ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি জানান, রিয়াদের আকাশসীমায় হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবেলা করেছে তাদের বাহিনী। এর কয়েক ঘণ্টা পর তিনি জানান, ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল লক্ষ্য করে হুতিদের ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রিয়াদে হামলার চেষ্টায় ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চপ্যাডও ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার সৌদি বেসামরিক প্রতিরক্ষা বিভাগ দেশের বিভিন্ন স্থানে অন্তত সাতবার জরুরি সতর্কতা জারি করে। এর জবাবে বৃহস্পতিবার সকালে হুতি নিয়ন্ত্রিত সানায় সৌদি যুদ্ধবিমান হামলা চালিয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বেসামরিক স্থাপনায় এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক্সে দেওয়া বিবৃতিতে মন্ত্রণালয় উল্লেখ করে, দেশের সার্বভৌমত্ব রক্ষা, জাতীয় সম্পদ সুরক্ষা এবং নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের পূর্ণ অধিকার সৌদির রয়েছে। একই সাথে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল সম্প্রতি হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।

ইরান সমর্থিত হুতিরা দীর্ঘদিন ধরে সৌদি বিমানবন্দর, তেল স্থাপনা ও অফিস লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। গত ৮ নভেম্বর রিয়াদের আরামকো ভবন এবং অক্টোবরে দাহরানে আরামকো সদর দপ্তরেও তারা হামলার দাবি করেছিল। অক্টোবরে রিয়াদ বিমানবন্দরে চার দিনের হামলায় ১৮ জন নিহত হয়েছিলেন। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, বৃহস্পতিবার বিভিন্ন ফ্রন্টে হুতিদের লক্ষ্য করে প্রায় ৭১৫টি বিমান হামলা চালানো হয়েছে।

চলমান সংঘাতের ফলে ইয়েমেনের মানবিক পরিস্থিতি শোচনীয় হয়ে পড়েছে। ইউনিসেফের তথ্য অনুযায়ী, নতুন করে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে ১ লাখ ৭৪ হাজার শিশুসহ প্রায় ৩ লাখ ৩০ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরিসংখ্যানমতে, গত আগস্টে শুরু হওয়া এই সংঘাতে ১৬ নভেম্বর পর্যন্ত ২ হাজার ২৬০ জন নিহত হয়েছেন এবং ১০ হাজার ৫১৯ জন আহত হয়েছেন।