কয়েকদিনের চলমান অস্থিরতা ও সহিংসতার জেরে গোপালগঞ্জে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই শহরের বিভিন্ন সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো টহল লক্ষ্য করা গেছে। নিরাপত্তার স্বার্থে পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাধারণ মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকছেন।
শহরের ব্যবসায়িক কেন্দ্রগুলোতে দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং রাস্তায় জনচলাচল স্বাভাবিকের তুলনায় অনেক কম। সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত সরজমিনে গোপালগঞ্জ সদরে কোনো মিছিল, মিটিং কিংবা অবরোধের ঘটনা ঘটেনি। এছাড়া সকাল থেকে হালকা বৃষ্টিপাতও হচ্ছে। শহরের বিভিন্ন মোড়ে মোড়ে উচ্চস্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ বাজানো হচ্ছে।
এর আগে বুধবার জেলার বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি টুঙ্গিপাড়া থানায় আক্রমণ এবং বিএনপি নেতাদের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছিল। এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ভাষ্যমতে, মান্দারতলা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধের প্রস্তুতি চলছে এবং সকাল ১০টার পর থেকে কর্মসূচি আরও বিস্তৃত হতে পারে। তারা দাবি করেছে যে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো প্রকার চড়াও না হলে তাদের এই কর্মসূচি শান্তিপূর্ণভাবেই পালিত হবে।

