চাঁদপুরে আমন চাষে কৃষকের মুখে হাসি, বাম্পার ফলনে ফিরছে সচ্ছলতা

গত দুই বছর অতিবৃষ্টি ও জলাবদ্ধতার কারণে আমন ও বোরো চাষে লোকসান গুনেছেন চাঁদপুরের মতলব উত্তরের কৃষক মনির হোসেন। তবে এবার পরিস্থিতি ভিন্ন। ঋণ নিয়ে ৭২ শতক জমিতে চাষ করা আমন থেকে ভালো ফলন পেয়েছেন তিনি। ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদে প্রতি মণে প্রায় ৬০০ টাকা লাভ পাওয়ার আশা করছেন তিনি। সব মিলিয়ে প্রায় ৭৫ মণ ধান উৎপাদন হতে পারে বলে ধারণা করছেন এই কৃষক, যা থেকে সব খরচ বাদ দিলে প্রায় ৪৫ হাজার টাকা মুনাফা থাকবে। খেতের পাশে, বাড়ির উঠানে চলছে ধান মাড়াইয়ের কাজ।

মনির হোসেনের মতো উপজেলার ৩২ হাজারের বেশি কৃষক এবার আমনের বাম্পার ফলন পেয়ে দারুণ খুশি। গতকাল বুধবার উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, গোয়ালভাওর, ফতেপুর, জহিরাবাদ, ছেংগারচর, ঘনিয়ারপাড়সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে সোনালি ধানের সমারোহ। প্রতিটি খেত এখন পাকা ধানে পরিপূর্ণ। কৃষকেরা দল বেঁধে ধান কাটছেন এবং মাড়াইয়ে ব্যস্ত সময় পার করছেন। ধান ও চালের বাজারদর ভালো থাকায় কৃষকদের সংসারে নতুন করে সচ্ছলতা ফিরছে। আমন বিক্রির টাকায় তাঁদের সংসারে আসছে সচ্ছলতা। গতকাল সকালে উপজেলার গোয়ালভাওর, ফতেপুর, জহিরাবাদ, ছেংগারচর, ঘনিয়ারপাড়, বৈদ্যনাথপুর, পূর্ব নাউরী, সিপাইকান্দি, লুধুয়া, গজরা, ঠেটালিয়া ও মোহনপুর এলাকায় দেখা যায়, সেখানে জমির পর জমি আমনখেত। পাকা ধানের সোঁদা গন্ধে ভরে গেছে চারপাশ।

উপজেলা কৃষি কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি খরিপ-২ মৌসুমে মোট ৯ হাজার ৭০ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে, যেখানে ৩২ হাজার ৫০০ জন কৃষক অংশ নিয়েছেন। গত বছর আবাদের পরিমাণ ছিল ৮ হাজার ৯০০ হেক্টর। এবার আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭ হাজার ২৩০ মেট্রিক টন। অনুকূল আবহাওয়া এবং পোকামাকড়ের উপদ্রব কম থাকায় এবার এই লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে বলে আশা করছে কৃষি বিভাগ।

ফতেপুরের কৃষক মিজানুর রহমান জানান, গত কয়েক বছর চাষাবাদে লোকসান হলেও এবার আমন খেত ক্ষতিগ্রস্ত হয়নি। নিজের পরিবারের চালের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত ধান ও চাল বাজারে ভালো দামে বিক্রি করে কৃষকেরা লাভবান হচ্ছেন। একই আশার কথা জানিয়েছেন ঘনিয়ারপাড়ের মোহাম্মদ জাকির হোসেন, ছেংগারচরের মো. রাকিব হোসেন ও গজরার দেলোয়ার হোসেনসহ আরও অন্তত ২০ জন কৃষক।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফয়সাল মোহাম্মদ আলী বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যা ও পরামর্শের কারণে এবার ফলন বাম্পার হয়েছে। কৃষকদের আমন চাষে আগ্রহী করে তুলতে কৃষি কার্যালয় থেকে নিয়মিত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে। ধানের ভালো ফলন ও দাম পাওয়ায় কৃষকদের মধ্যে ধান চাষের প্রবণতাও বৃদ্ধি পাচ্ছে।