শারীরিক অসুস্থতায় পদত্যাগ করলেন বিএনপি এমপি ওসমান ফারুক

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের সংসদ সদস্য ড. মুহাম্মদ ওসমান ফারুক। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা এই বিএনপি নেতা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখান থেকেই তিনি ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন। সংসদ সচিবালয় নিশ্চিত করেছে যে, তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। বিএনপি সরকারের আমলে শিক্ষামন্ত্রীর দায়িত্বও পালন করেন তিনি। তিনি বিশ্বব্যাংকেও বড় পদে চাকরি করেছেন।

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ মঙ্গলবার সংসদ অধিবেশন শুরুর পর কিশোরগঞ্জ-৩ আসনটি আনুষ্ঠানিকভাবে শূন্য ঘোষণা করেন। স্পিকার জানান, গত ১৪ নভেম্বর ড. ফারুক পদত্যাগপত্র জমা দিয়েছিলেন এবং সংসদীয় কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী ১৫ নভেম্বর থেকে আসনটি শূন্য হয়েছে বলে গণ্য করা হচ্ছে। সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিলে তা কার্যকর হয়। মঙ্গলবার (১৭ নভেম্বর) সংসদ অধিবেশন শুরুর পর তিনি এই ঘোষণা দেন।

৮৬ বছর বয়সী ড. মুহাম্মদ ওসমান ফারুক বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক শিক্ষামন্ত্রী। ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়েছিলেন। এর আগে ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিশোরগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হয়ে সরকারে দায়িত্ব পালন করেন। আট বছর যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন কাটিয়ে ২০২৪ সালের অক্টোবরে দেশে ফিরে তিনি পুনরায় সক্রিয় রাজনীতিতে যুক্ত হয়েছিলেন।

দীর্ঘদিন দেশের বাইরে থাকায় রাষ্ট্রপতি নির্বাচনেও তিনি ভোট দিতে পারেননি এবং সেই সময় সংসদ সচিবালয়কে বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছিলেন।

রাজনীতিতে ফেরার পর ত্রয়োদশ জাতীয় সংসদ গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক জারিকৃত ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের বিশেষ কমিটির সদস্য ছিলেন তিনি।

এছাড়াও গত ১ জুলাই গঠিত ১০ সদস্যের বহুদলীয় সংসদীয় ককাস ‘ককাস অব আমেরিকা ইন দ্য ন্যাশনাল পার্লামেন্ট অব বাংলাদেশ’-এর সভাপতির দায়িত্ব পালন করছিলেন এই সাবেক আমলা ও বিশ্বব্যাংকের সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা।