বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা বর্তমান সরকার কোনোভাবেই সহ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতির বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি স্পষ্ট করে বলেন, দেশে এখন আওয়ামী লীগের নামে যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বা মিছিল-সমাবেশ বেআইনি। এসব আয়োজনের মাধ্যমে যে নৃশংসতা ও সহিংসতা চালানো হচ্ছে, তা গ্রহণযোগ্য নয়। আওয়ামী লীগের নামে একটা সাধারণ মিছিল করলেও সেটা এই মুহূর্তে বেআইনি, সভা-সমাবেশ করলেও বেআইনি।

গোপালগঞ্জে ঘটা সাম্প্রতিক সংঘর্ষ ও ভাঙচুরের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, এই ধরনের ঘটনাগুলো সরাসরি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে এবং এর জন্য দায়ীদের অবশ্যই শাস্তির মুখোমুখি হতে হবে। সেখানে চিহ্নিত ব্যক্তিদের ছবি ও তথ্য সংগ্রহ করা হয়েছে এবং তাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে। পুলিশের ভূমিকা নিয়ে তিনি বলেন, অতীতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বলপ্রয়োগে যে অসমতা ছিল, তা থেকে সরকার বেরিয়ে আসতে চায়। এখন থেকে প্রয়োজন অনুযায়ী এবং আনুপাতিক হারে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে, যা পুলিশের দায়িত্বের অংশ। তিনি আরও বলেন, ‘পুলিশ বল প্রয়োগ করবে, পুলিশের বল প্রয়োগের অধিকার আছে। পুলিশের বল প্রয়োগে অসমতা ছিল; যতটুকু প্রয়োজন তার চেয়ে অনেক বেশি বল প্রয়োগ করা হতো। কিন্তু আমরা এতদিন যে সমালোচনা করছিলাম, সেই সমালোচনায় আমরা ভুগতে চাই না।

পোশাক শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ঘিরে আওয়ামী লীগ ফায়দা লোটার চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন জাহেদ উর রহমান। তিনি বলেন, দেশের যেকোনো স্থানে অস্থিরতা সৃষ্টি করে সরকারকে সংকটে ফেলার প্রবণতা তাদের মধ্যে রয়েছে। যারা প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে কর্মরত থেকে এখনো গোপনে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত আছেন, সরকার সে বিষয়ে কঠোর নজর রাখছে। তিনি আরও জানান, সরকারের কাছে তথ্য সংগ্রহের পর্যাপ্ত মেকানিজম ও হাতিয়ার রয়েছে। সরকারি কাজে বাধা বা ষড়যন্ত্র করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এই ঘটনা যেখানেই ঘটুক না কেন, এটা সরকারকে চাপে ফেলে। কারণ সমস্যাগুলোর সমাধান সরকারকেই করতে হয়।

উপদেষ্টা আরও বলেন, বহু বছর ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগের সঙ্গে দীর্ঘদিনের একটি নেটওয়ার্ক গড়ে উঠেছিল, যা ভাঙা সময়ের কাজ। পলাতক আওয়ামী লীগ নেতাদের উসকানিতে যারা এখনো মাঠে সক্রিয় থেকে নিজেদের বিপদ ডেকে আনছে, তাদের এই অপরাধের মাসুল দিতে হবে। প্রতিটি ঘটনা ও ষড়যন্ত্রের ওপর সরকারের সর্বোচ্চ পর্যায়ের নজরদারি রয়েছে এবং পরিস্থিতির উন্নতিতে সরকার সক্ষম বলে তিনি আশ্বস্ত করেন।