দেশের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও জনসেবা সহজতর করার লক্ষ্যে নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)-এর সভায় এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়। গত সোমবার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত এই সভায় প্রশাসনিক কাঠামোয় পরিবর্তনের একাধিক প্রস্তাব অনুমোদন পায়।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানা বিভাজনের মাধ্যমে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলীতে ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। একই সাথে বগুড়ার শিবগঞ্জ থানা বিভক্ত করে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় নতুন ‘মোকামতলা থানা’ গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি বগুড়ার মোকামতলা এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় নতুন দুটি পৌরসভা গঠনের সিদ্ধান্তও এই সভায় চূড়ান্ত হয়েছে।
প্রশাসনিক পরিবর্তনের তালিকায় থানার নাম পরিবর্তনের বিষয়ও অন্তর্ভুক্ত রয়েছে। ময়মনসিংহে নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার সঙ্গে মিল রেখে স্থানীয় ‘পাগলা’ থানার নাম পরিবর্তন করে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করার অনুমোদন দেওয়া হয়েছে। এসব নতুন থানা স্থাপন ও নাম পরিবর্তনের প্রস্তাবগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছিল।
এছাড়া সভায় দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের বিষয়টিও অনুমোদিত হয়েছে। এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলা থেকে বিচ্ছিন্ন নবসৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক দপ্তর মটবী ও চরচামিতা মৌজার বদলে হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে। একইভাবে কুমিল্লার মুরাদনগর থেকে নবসৃষ্ট বাঙ্গরা উপজেলার প্রশাসনিক সদর দপ্তর খামারগ্রাম মৌজার পরিবর্তে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থানান্তরের অনুমোদন দেওয়া হয়েছে। পৌরসভা গঠন ও প্রশাসনিক দপ্তর স্থানান্তরের প্রস্তাবগুলো স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে নেওয়া হয়েছিল।

