অনাবৃষ্টি থেকে মুক্তি এবং রহমতের পানির কামনায় রাসুলুল্লাহ (সাঃ)-এর সুন্নাহ অনুসরণে কাতারজুড়ে বিশেষ সালাতুল ইস্তিস্কার আয়োজন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে লুসাইল ঈদগাহ মাঠে আমীর শেখ তামিম বিন হামাদ আল-থানী হাজারো মুসল্লির সাথে এই নামাজ আদায় করেন।
নামাজে আমীরের সঙ্গে উপস্থিত ছিলেন তার ব্যক্তিগত প্রতিনিধি শেখ জসিম বিন হামাদ আল-থানী, শেখ আবদুল্লাহ বিন খলিফা আল-থানী, শেখ মোহাম্মদ বিন খলিফা আল-থানী এবং শেখ জসিম বিন খলিফা আল-থানী। এছাড়া শুরা কাউন্সিলের স্পিকার হাসান বিন আবদুল্লাহ আল-গানেম, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা সর্বসাধারণের সঙ্গে কাতারে শরিক হন।
নামাজ ও বিশেষ মোনাজাত শেষে খুতবা দেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শেখ ডা. ইয়াহিয়া বাত্তি আল-নুআইমি। তিনি উপস্থিত মুসল্লিদের বিনম্রচিত্তে তওবা করার ও মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। তিনি বলেন, অনাবৃষ্টি মানুষকে মহান সৃষ্টিকর্তার ওপর পূর্ণ নির্ভরতার কথা স্মরণ করিয়ে দেয়। এই সময়ে বেশি বেশি ইস্তিগফার ও দান-সদকার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
খুতবায় পানিকে মহান আল্লাহর অশেষ নিয়ামত উল্লেখ করে এর যথাযথ ব্যবহারের আহ্বান জানানো হয়। দেশের নাগরিক ও প্রবাসীদের উদ্দেশ্যে তিনি পানি অপচয় রোধ এবং প্রতিটি নিয়ামতের জন্য মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায়ের বার্তা প্রদান করেন।

