পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর বৃহস্পতিবার বড় ধরনের আঘাত এসেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, কাতার উপকূলের কাছে একটি বাণিজ্যিক ট্যাংকার দুটি অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ওই ট্যাংকারের ক্রুদের বর্তমান অবস্থা কিংবা ক্ষয়ক্ষতির মাত্রা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একইসঙ্গে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালীতে অননুমোদনহীন রুট ব্যবহারের সময় পৃথক দুটি তেল ট্যাংকার ও একটি টাগবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ নিরসনে কাতার যখন মধ্যস্থতাকারী হিসেবে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছে, ঠিক তখনই এমন পরিস্থিতির খবর এলো।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মঙ্গলবার জানান, মধ্যস্থতাকারীদের উত্থাপিত খসড়া প্রস্তাব নিয়ে উভয় পক্ষ সংলাপ চালিয়ে যাচ্ছে। এরমধ্যেই গত রোববার কাতারের রাষ্ট্রীয় এলএনজি পরিবহন সংস্থা ‘নাকিলাত’ জানায়, গত ৩০ অক্টোবর পারস্য উপসাগর অতিক্রমের সময় তাদের এলএনজিবাহী জাহাজ ‘আল মায়েদা’ অজ্ঞাত বস্তুর আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে এতে কোনো ক্রু আহত হননি এবং জাহাজটি বর্তমানে নিরাপদ ও সচল রয়েছে। সংস্থাটি স্পষ্ট করে যে, ওই ঘটনায় কোনো ক্রু আহত হননি এবং পরিবেশগত কোনো ক্ষয়ক্ষতিও হয়নি।
বৃহস্পতিবার এক পৃথক বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, তাদের অনুমোদনহীন জলপথ ব্যবহার করে হরমুজ প্রণালী পার হওয়ার সময় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাহিনীর ভাষ্যমতে, প্রণালীর দক্ষিণ অংশে একটি ট্যাংকার মাইন বিস্ফোরণের শিকার হয়েছে এবং হরমুজের পূর্বাঞ্চল দিয়ে যাওয়ার সময় একটি সুপারট্যাংকারে আগুন ধরে যায়। ওই আগুন নেভাতে এগিয়ে যাওয়া একটি উদ্ধারকারী টাগবোটও পরবর্তীতে অগ্নিকাণ্ডের শিকার হয়।

