ইতালির রাজধানী রোমে কাতার ও ইতালির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের উপায় নিয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি এবং ইতালীয় পার্লামেন্টের গালফ দেশগুলোর পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ ইন্টার-গ্রুপের প্রধান সালভাতোরে কাইয়াতা অংশ নেন।
আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল সাম্প্রতিক আঞ্চলিক অস্থিরতা নিরসন এবং নিরাপত্তা বজায় রাখার কৌশল। এ সময় সালভাতোরে কাইয়াতা আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে শান্তিপূর্ণ উপায়ে সংঘাত নিরসনে কাতারের ধারাবাহিক কূটনৈতিক তৎপরতা ও মধ্যস্থতার ভূমিকার উচ্চ প্রশংসা করেন। আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় দোহা যে উদ্যোগ নিচ্ছে, তার প্রতি ইতালি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে।
বৈঠকে কূটনৈতিক সমন্বয় বৃদ্ধির বিষয়ে ঐকমত্য প্রকাশ করেন উভয় পক্ষ। এসময় ইতালিতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত খালিদ বিন ইউসেফ আল সাদাসহ ইতালীয় পার্লামেন্টের সংশ্লিষ্ট সদস্যরা উপস্থিত ছিলেন।

