ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির মধ্যে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এই বৈঠকের পর দুই দেশের মধ্যে বাণিজ্য, শিক্ষা, কূটনীতি ও প্রতিরক্ষা খাতসহ মোট পাঁচটি চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়। শুক্রবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপতির দোলমাবাহচে কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
সই হওয়া চুক্তির বিবরণ
- দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করা হয়েছে।
- শান্তি প্রতিষ্ঠা, পুনর্মিলন এবং সংঘাত নিরসনে যৌথ সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
- শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির জন্য একটি বিশেষ চুক্তি সম্পন্ন হয়েছে।
- ভোক্তা অধিকার সুরক্ষা, বাজার তদারকি এবং পরিদর্শন নিশ্চিত করতে আরেকটি সমঝোতা স্মারক সই করেছে দেশ দুটি।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতির দোলমাবাহচে কার্যালয়ে কাতারের আমিরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান প্রেসিডেন্ট এরদোয়ান। সেখানে উভয় নেতা নিজ নিজ প্রতিনিধিদলের সদস্যদের পরিচয় করিয়ে দেওয়ার পর এক একান্ত আলোচনায় অংশ নেন। উক্ত বৈঠকে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং জাতীয় গোয়েন্দা সংস্থা এমআইটির প্রধান ইব্রাহিম কালিন উপস্থিত ছিলেন।

