গোপালগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুর, দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগের মহড়া

গোপালগঞ্জ সদরের পাঁচুড়িয়ায় বিএনপির দলীয় কার্যালয় ভেঙে গুঁড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই ভাঙচুরের দৃশ্য দেখা যায়। একই সময়ে জেলা পরিষদ ডাকবাংলো থেকে পুলিশ লাইন্স পর্যন্ত এলাকা জুড়ে হেলমেট পরিহিত আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিচ্ছেন। শহরের বিভিন্ন প্রান্ত থেকে এসে নেতা-কর্মীরা এই মহড়ায় যোগ দিচ্ছেন।

লঞ্চঘাট মোড়, মাদ্রাসা মোড় ও জেলা পরিষদ ডাকবাংলোর মতো গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ সময় মাইকে বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজাতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই মহড়ায় নেতা-কর্মীদের উপস্থিতি আরও বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে লঞ্চঘাট মোড় এলাকায় সবচেয়ে বেশি জমায়েত দেখা গেছে। এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি টহল দিচ্ছে। গতকাল বুধবারও জেলায় বিভিন্ন স্থানে হামলা, অগ্নিসংযোগ ও সড়ক অবরোধের ঘটনা ঘটে। বর্তমান সহিংসতায় পুরো জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে।