মধ্যপ্রাচ্যের সমুদ্রে ১৩৪ হামলায় নিহত ২৫ নাবিক: জাতিসংঘ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনার শুরু থেকে হরমুজ প্রণালিসহ বৃহত্তর মধ্যপ্রাচ্য অঞ্চলে ১৩৪টি সামুদ্রিক হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, এসব ঘটনায় এ পর্যন্ত ২৫ জন নাবিক প্রাণ হারিয়েছেন। গত ১১ নভেম্বর পর্যন্ত সংগৃহীত তথ্যে এই ভয়াবহ চিত্র উঠে এসেছে। এতে গত ১১ নভেম্বর পর্যন্ত সংঘটিত বিভিন্ন সামুদ্রিক ঘটনার পরিসংখ্যান উল্লেখ করা হয়।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে সহকারী মহাসচিব খালেদ খিয়ারি জানান, ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর অক্টোবর মাসে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ছিল সর্বোচ্চ। তিনি বর্তমান এই অস্থিতিশীল পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক বলে মেনে নেওয়া যায় না উল্লেখ করে অবিলম্বে বেসামরিক নৌযানে হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে নিরাপদ সামুদ্রিক চলাচল পুনরুদ্ধারে আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি পদক্ষেপের ওপর জোর দিয়েছেন তিনি।

এদিকে বাহরাইনের প্রতিনিধি নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছেন, হরমুজ প্রণালিতে সৃষ্ট অচলবস্থায় প্রায় ১ হাজার ৬০০টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ২৩ হাজারের বেশি নাবিক আটকা পড়েছেন। এছাড়া ইরান সমুদ্রতলে থাকা ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে আক্রমণ চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনসের (ইউকেএমটিও) সবশেষ প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের আগে যে পরিমাণ জাহাজ চলাচল করত, তা এখন প্রায় ৬৫ শতাংশ কমে গেছে। জ্বালানি পরিবহন ও বিমা ব্যয় বৃদ্ধির পাশাপাশি এই অস্থিরতা বৈশ্বিক খাদ্যনিরাপত্তার ওপরও গভীর প্রভাব ফেলছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বৈশ্বিক খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।