১৯৯৬ সালের ১২ ডিসেম্বর স্বাক্ষরিত ভারত-বাংলাদেশ গঙ্গা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর ৩০ বছর পূর্ণ হতে যাচ্ছে। এই দীর্ঘ মেয়াদের পর চুক্তিটি নবায়নের বাধ্যবাধকতা থাকলেও ভারত সরকার তা নতুন করে নবায়ন করতে আগ্রহী নয়। সরকারি বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত ইঙ্গিত অনুযায়ী, ভারত এই সিদ্ধান্ত নিলেও আপাতত বিদ্যমান শর্তানুসারেই দুই দেশের মধ্যে পানিবণ্টন প্রক্রিয়া অব্যাহত থাকবে। চুক্তি শেষ হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ আগের মতোই সমপরিমাণ পানি পাবে বলে জানা গেছে। চুক্তি অনুযায়ী, ৩০ বছর পর পারস্পরিক সম্মতির ভিত্তিতে এটি নবায়ন করার কথা ছিল। কিন্তু সেই চুক্তি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনায় কোনও অগ্রগতি নেই।
বিশেষ করে শুষ্ক মৌসুমে ফারাক্কা ব্যারাজ থেকে পানি বণ্টনের যে নিশ্চয়তা দেওয়া হয়েছিল, তা বর্তমানেও কার্যকর রয়েছে। বর্তমান ব্যবস্থায় প্রতি বছর ১১ মার্চ থেকে ১১ মে পর্যন্ত চলা শুষ্ক মৌসুমে উভয় দেশ পর্যায়ক্রমে ১০ দিন করে ৩৫,০০০ কিউসেক করে পানি পেয়ে থাকে। তবে ভারতের বর্তমান পরিকল্পনা অনুযায়ী, চুক্তির শর্তাবলি নিয়ে নতুন করে আলোচনার প্রয়োজন রয়েছে। মূলত ভারতের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ এবং চাহিদার প্রয়োজনে দেশটি আরও বেশি পানি পাওয়ার ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে। এর মধ্যে কলকাতা বন্দরের কার্যক্রম সচল রাখা, এনটিপিসির তাপবিদ্যুৎ কেন্দ্রের চাহিদা পূরণ এবং সুন্দরবনসহ বিভিন্ন অঞ্চলে লবণাক্ততার সমস্যা মোকাবিলা অন্যতম। ভারত তার কলকাতা বন্দরের উন্নয়নমূলক কাজগুলো সচল রাখার জন্য অন্তত ৪০,০০০ কিউসেক পানি পাওয়ার বিষয়টি বিবেচনা করছে।
এ লক্ষ্যে ভারতের কেন্দ্রীয় পানি কমিশন (সেন্ট্রাল ওয়াটার কমিশন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ সংক্রান্ত কারিগরি বিবরণ জমা দিয়েছে। একজন কর্মকর্তা জানিয়েছেন, শুষ্ক মৌসুমে ভারত কীভাবে আরও পানি পেতে পারে সেই কারিগরি উপস্থাপনা চাওয়া হয়েছিল। সেই বৈঠকে পশ্চিমবঙ্গ ও বিহার সরকারের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন; তারা দাবি করেন, বিদ্যমান চুক্তির ফলে তাদের রাজ্যগুলোর স্বার্থ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কর্মকর্তাটি আরও যোগ করেন, কলকাতা বন্দর থেকে পলি অপসারণের জন্য ৫,০০০ কিউসেক অতিরিক্ত পানি প্রয়োজন, যা সুন্দরবন ও আশপাশের কৃষিজমিতে লবণাক্ততার অনুপ্রবেশ ঠেকাতেও অপরিহার্য। এছাড়া সুন্দরবন বদ্বীপ অঞ্চল এবং এর সংলগ্ন কৃষিজমিতে লবণাক্ত পানির প্রবেশ রোধ করার জন্যও এই পানি দরকার।”।
বাংলাদেশের সঙ্গে বর্তমান রাজনৈতিক টানাপোড়েনের প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা মন্তব্য করেন, কোনো চুক্তি স্বাক্ষরের পর সেই বিশ্বাসের মর্যাদা রাখা প্রয়োজন এবং ভাটির দেশের উচিত উজানের দেশের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা। ভারত থেকে ৫৪টি আন্তঃসীমান্ত নদী বাংলাদেশে প্রবাহিত হয়েছে। এছাড়া ভারত সম্প্রতি তিস্তা ব্যারাজ প্রকল্পের পুনরুদ্ধার ও ভবিষ্যৎ ব্যবস্থাপনা পর্যালোচনার জন্য একটি প্যানেল গঠন করেছে। তিস্তা নিয়ে বাংলাদেশের পরিকল্পনায় চীনের সম্পৃক্ততার প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, এসব আন্তঃসীমান্ত নদী পরিচালনার জন্য বহুমুখী ও কার্যকর চুক্তির প্রয়োজনীয়তা রয়েছে।

