বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের নিম্নমুখী ধারা অব্যাহত রয়েছে।

মধ্যপ্রাচ্য থেকে হরমুজ প্রণালি হয়ে তেল সরবরাহ স্বাভাবিক হওয়ার আশাবাদ এবং ভূ-রাজনৈতিক ঝুঁকি কিছুটা স্তিমিত হওয়ার প্রেক্ষাপটে বাজারে সরবরাহ বৃদ্ধির প্রত্যাশা তৈরি হয়েছে। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামে বড় ধরনের চাপ সৃষ্টি হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৭টা ৪৫ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৭ সেন্ট বা শূন্য দশমিক ৪৯ শতাংশ কমে ৯৫ দশমিক ৩৭ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৩ সেন্ট বা শূন্য দশমিক ২৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৮ দশমিক ৩৩ ডলারে নেমে এসেছে। এর আগে গত সপ্তাহে ব্রেন্ট ও ডব্লিউটিআইয়ের দাম যথাক্রমে ১৬ ও ১৩ শতাংশ হ্রাস পেয়েছিল। মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানি দ্রুত পুনরুদ্ধার হওয়ায় এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের শেষ প্রান্তিকে বিশ্ববাজারে তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি থাকতে পারে। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, চতুর্থ প্রান্তিকে দৈনিক গড়ে ১০ কোটি ৫০ লাখ ব্যারেল তেল সরবরাহ হওয়ার সম্ভাবনা রয়েছে, যা মোট চাহিদার চেয়ে ১৭ লাখ ব্যারেল বেশি। এর আগে সংস্থাটি সরবরাহ ঘাটতির আশঙ্কা করলেও বর্তমান পরিস্থিতিতে সেই পূর্বাভাস পরিবর্তন করতে হয়েছে। কেসিএম ট্রেডের প্রধান বিশ্লেষক টিম ওয়াটারার জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ব্যবসায়ীরা এখন বাজারে সরবরাহ ঘাটতির বদলে অতিরিক্ত তেলের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন, যা বাজারের মূল প্রবণতায় পরিবর্তন আনছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের কারণে সৃষ্ট ভূরাজনৈতিক ঝুঁকি কমার ইঙ্গিত পর্যালোচনা করছিলেন বিনিয়োগকারীরা। যদিও জাহাজ চলাচলে এখনো হামলার ঝুঁকি রয়েছে।

জ্বালানি সরবরাহ ও পরিবহন সহজ করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘জোন্স অ্যাক্ট’-এর ওপর দেওয়া ছাড় আরও ৯০ দিনের জন্য বাড়িয়েছেন। এই আইনের আওতায় মার্কিন বন্দরগুলোতে পণ্য পরিবহণে কেবল যুক্তরাষ্ট্রের পতাকাবাহী জাহাজ ব্যবহারের বাধ্যবাধকতা ছিল। ছাড় দেওয়ার ফলে এখন বিদেশি পতাকাবাহী জাহাজগুলোও দেশটির অভ্যন্তরীণ বন্দরে তেল, ডিজেল ও পেট্রল পরিবহনের সুযোগ পাবে। তবে এতকিছুর পরও হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ঝুঁকি পুরোপুরি কাটেনি। রোববার রাতে প্রণালির পূর্বদিকে একটি তেলবাহী ট্যাংকারে নৌমাইনের আঘাত ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ওই অঞ্চলে জাহাজ পরিবহনের ঝুঁকি ও ট্যাংকারের স্বল্পতা বজায় রেখেছে।