চিফ প্রসিকিউটর: দেশে ফিরলেই শেখ হাসিনার মৃত্যুদণ্ড কার্যকর

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর করা ছাড়া আর কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার ট্রাইব্যুনালে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি জানান, দণ্ডিত ও বিদেশে পলাতক হওয়ায় শেখ হাসিনাকে পাসপোর্ট কিংবা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ইস্যু করার কোনো আইনগত সুযোগ নেই। মঙ্গলবার (১০ নভেম্বর) শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি চাওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

চিফ প্রসিকিউটর স্পষ্ট করেন, আইন অনুযায়ী ন্যূনতম দুই বছরের দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার বিধান নেই। এমতাবস্থায় পলাতক একজন দণ্ডিত ব্যক্তিকে রাষ্ট্র বা সরকারের পক্ষ থেকে ট্রাভেল পাস বা পাসপোর্ট প্রদান করা বিচারপ্রক্রিয়াকে উপহাস করার শামিল হবে। বিচার চলাকালে শেখ হাসিনা নিজেই তা এড়িয়ে গেছেন এবং রায় প্রকাশের পর আপিলের নির্ধারিত ৩০ দিনের সময়সীমাও অতিবাহিত হয়েছে। ফলে ভবিষ্যতে আপিল করার আইনগত সুযোগ তার আর নেই।

লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ কর্তৃক ভারতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে পাসপোর্ট চেয়ে পাঠানো চিঠির বিষয়ে আমিনুল ইসলাম বলেন, পররাষ্ট্রমন্ত্রী একে যথার্থই হাস্যকর হিসেবে অভিহিত করেছেন।

কারণ, যিনি পাসপোর্ট চাইছেন তিনি নিজে বা তার দল এ বিষয়ে কোনো আবেদন করেননি। তিনি আরও বলেন, ভারত সরকার মানবিক কারণে শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে জানালেও, তিনি ভারত সরকারের কাছে এখন পর্যন্ত ফেরত আসার বিষয়ে কোনো লিখিত আবেদন করেছেন বলে কোনো তথ্য পাওয়া যায়নি।

শেখ হাসিনাকে উদ্দেশ্য করে চিফ প্রসিকিউটর বলেন, তার বাংলাদেশে ফেরার সদিচ্ছা কখনোই ছিল না। যদি তিনি ফিরতে চাইতেন, তবে মামলা চলাকালে দেশে এসে আইনি লড়াই করতেন। তিনি পরামর্শ দিয়ে বলেন, শেখ হাসিনা যদি সত্যিই দেশে ফিরতে আগ্রহী হন, তবে ভারত সরকারকে লিখিতভাবে প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে পাঠানোর আবেদন জানানোই হবে সঠিক পন্থা।

তিনি আরও যোগ করেন, নিজের আত্মীয়স্বজনসহ নিরাপদে দেশত্যাগ করে বিদেশে অবস্থান নিলেও নিরীহ নেতাকর্মীদের বিপদে রেখে গেছেন তিনি। এখন পাসপোর্ট চাওয়ার মতো বিভিন্ন অপতৎপরতা চালিয়ে তিনি নিজের রাজনৈতিক দলের ক্ষতি করছেন। এছাড়া শেখ হাসিনার নামে যেসব ভার্চুয়াল বক্তব্য বা অডিও প্রচার করা হচ্ছে, তার সত্যতা নিয়েও প্রসিকিউটর সংশয় প্রকাশ করেন। তিনি আরও বলেন, আপনি আপনার আত্মীয়স্বজনসহ খুব নিরাপদে এই দেশ থেকে পালিয়েছেন। এখন তাদের আরও বিপদে ফেলতে এ ধরনের অপতৎপরতা চালালে, আমার মনে হয়, দলগতভাবেও আপনি আরেকটি ভুল করতে যাচ্ছেন। যেসব অডিও বক্তব্য সামনে আসে, সেগুলো আদৌ শেখ হাসিনার বক্তব্য কিনা, তা নিয়ে সন্দেহ আছে।