কাতারের নিরাপত্তা রক্ষায় ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য

কাতারের কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে (কিউসিবিএসডি) তিন বছর মেয়াদে দায়িত্ব পালনের উদ্দেশ্যে বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্য ঢাকা ছেড়েছেন। গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোরের ফ্লাইটে তারা কাতারের পথে রওনা হন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন করে নিয়োগ পাওয়া ২৪ সদস্যের দায়িত্ব পালনের মধ্য দিয়ে বাংলাদেশ ও কাতারের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে। ডিসেম্বর থেকে বিনা খরচে বিদেশে যাবেন প্রবাসী কর্মী। প্রবাসীদের মর্যাদা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কিউসিবিএসডি-তে নিযুক্ত এই নৌসদস্যরা মূলত দেশটির উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করবেন। তাদের দায়িত্বের মধ্যে রয়েছে সামুদ্রিক টহল, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং চোরাচালান প্রতিরোধ। ২০১২ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশ নৌবাহিনী তাদের দক্ষ সদস্যদের এই মিশনে পাঠিয়ে আসছে, যারা ইতিমধ্যে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থা অর্জন করেছেন।

মিশনে যাওয়ার আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় তিনি তাদের পেশাদারত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তার আশা, নতুন এই দলটিও একইভাবে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে সক্ষম হবে।

আইএসপিআর জানায়, এই নিয়োগ বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতাকে আরও এক ধাপ এগিয়ে নেবে। সেই সঙ্গে দুই দেশের মধ্যে পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি, এই সদস্যরা দেশের জাতীয় রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক অবদান রাখবেন বলে আশা করা হচ্ছে।