আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের হেনস্তা, অশালীন গালিগালাজ ও প্রাণনাশের হুমকির পাশাপাশি জাতীয় সংগীত নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগে চিত্রনায়িকা পরীমনিকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার ডাকযোগে এই নোটিশ পাঠান। একই সাথে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের ঠিকানাতেও এই নোটিশের অনুলিপি পাঠানো হয়েছে। নোটিশে আগামী সাত কার্যদিবসের মধ্যে আদালত প্রাঙ্গণের ঘটনার জন্য তাকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হয়েছে। এছাড়া ভবিষ্যতে সব ধরনের অশালীন কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একই সময়ের মধ্যে চলচ্চিত্র শিল্পী সমিতিকে পরীমনির বিরুদ্ধে সাংগঠনিক ও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে; অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নোটিশে আগামী ৭ দিনের মধ্যে আদালত প্রাঙ্গণের ঘটনার জন্য পরীমনিকে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করতে এবং ভবিষ্যতে সব ধরনের অশ্লীলতা ও অশালীন আচরণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
নোটিশের তথ্যানুযায়ী, গত ৫ নভেম্বর ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের মামলায় আত্মসমর্পণ করে জামিন পাওয়ার সময় আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সে সময় পরীমনির নিরাপত্তাকর্মীদের সঙ্গে সাংবাদিকদের ধাক্কাধাক্কির ঘটনায় সমকালের সাংবাদিক রবিউলের ফোন ছিনিয়ে নেওয়া ও ট্রাইপড ভাঙচুর করা হয়। এই ঘটনায় কয়েকজন সাংবাদিক ও একজন বিচারপ্রার্থী আহত হয়েছেন। অভিযোগ রয়েছে, শারীরিক প্রতিবন্ধক থাকা সত্ত্বেও সাংবাদিক রবিউলকে পরীমনি অশালীন ভাষায় গালিগালাজ ও হত্যার হুমকি দিয়েছেন।
এছাড়া গত ৬ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জাতীয় সংগীতের সুর ব্যবহার করে অশ্লীল পোস্ট দেন এই অভিনেত্রী। নোটিশে একে রাষ্ট্রীয় প্রতীক ও সংগীত অবমাননা আইনের চরম লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এটি সংবিধান, জাতীয় সংগীত আইন ১৯৭২ (সংশোধিত ২০১০) এবং দণ্ডবিধির ৫০৩, ৫০৪, ৫০৬, ৪৯৯ ও ৫০০ ধারার সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে এতে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

