
মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের বিরল উপজেলার সারাঙ্গই পলাশবাড়ীতে এক মনোমুগ্ধকর ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১নং পলাশবাড়ী ইসলামী জনকল্যাণ সংগঠনের উদ্যোগে রবিবার (২২ মার্চ ২০২৬) বাদ আছর থেকে মধ্যরাত পর্যন্ত এ আয়োজন সম্পন্ন হয়।
সারাঙ্গই পলাশবাড়ী স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ধর্মীয় আবহ, ইসলামী সংগীত এবং আলোচনা মিলিয়ে উপস্থিত দর্শকদের মাঝে আধ্যাত্মিক অনুভূতির সঞ্চার করে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি ফজলুলের রাশেদী, মুহাদ্দিস নিউটাউন মাদ্রাসা, দিনাজপুর। তিনি তাঁর বক্তব্যে ঈদুল ফিতরের তাৎপর্য, সমাজে নৈতিকতা প্রতিষ্ঠা এবং ইসলামের সুমহান আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে ইসলামী সংগীত পরিবেশন করেন দেশের স্বনামধন্য শিল্পীগণ— মহিব্বুল্লাহ আল মামুন (স্বপ্নসিঁড়ি শিল্পীগোষ্ঠী, ঢাকা), আল-আমিন আল জামী (কলরব শিল্পীগোষ্ঠী, ঢাকা), মোস্তাফিজুর রহমান মুন্না (ইসলামী সঙ্গীত একাডেমি, বীরগঞ্জ, দিনাজপুর) এবং মোঃ মিনারুল ইসলাম। তাদের পরিবেশনায় উপস্থিত দর্শকরা মুগ্ধ হন এবং বারবার করতালিতে মুখরিত হয় অনুষ্ঠানস্থল।
বিশেষ আকর্ষণ হিসেবে শিশু শিল্পী মোঃ জায়েদ ইসলাম ও মোঃ তাহসিন হাসান তাদের সুমধুর কণ্ঠে পরিবেশনা করে সকলের প্রশংসা অর্জন করে।
অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন মোঃ শহিদুল্লাহ আল-মামুন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ১১নং পলাশবাড়ী ইসলামী জনকল্যাণ সংগঠনের সদস্যবৃন্দ।
শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।