
প্রতিবেদক:মোঃ শাকিল হোসেন
মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের টেকসই উৎপাদন নিশ্চিত করতে ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের সকল নদ-নদী ও মোহনায় ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এ সময়ে নিষেধাজ্ঞা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মৎস্য বিভাগ।
মৎস্য বিশেষজ্ঞরা বলছেন, ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন করতে এ ধরনের মৌসুমি নিষেধাজ্ঞা অত্যন্ত কার্যকর। প্রতি বছর নির্ধারিত সময়ে ইলিশ আহরণ বন্ধ রাখায় নদীতে মা ইলিশ ডিম ছাড়ার সুযোগ পায় এবং জাটকা বড় হয়ে ওঠে, ফলে ভবিষ্যতে উৎপাদন বাড়ে।
জেলা ও উপজেলা পর্যায়ে মৎস্য কর্মকর্তা, নৌপুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে অভিযান জোরদার করা হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন ঘাট, হাট-বাজার ও নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে যাতে নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
মৎস্য বিভাগ জানিয়েছে, জেলেদের বিকল্প জীবিকা সহায়তা ও খাদ্য সহায়তা কর্মসূচি অব্যাহত থাকবে যাতে নিষেধাজ্ঞা চলাকালে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হন।
সচেতন মহল মনে করছে, ইলিশ রক্ষায় সরকার ঘোষিত এ কর্মসূচি সফল করতে প্রশাসনের পাশাপাশি জেলে ও ব্যবসায়ীসহ সকলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।