সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন

বানারীপাড়ায় হাত-পা বাঁধা অবস্থায় ব্যবসায়ীর লাশ উদ্ধার, এলাকায় শোক ও আতঙ্ক

মিয়াদ হাসান | স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মিয়াদ হাসান | স্টাফ রিপোর্টার

বরিশালের বানারীপাড়ায় মুদি ও বিকাশ ব্যবসায়ী মোঃ তৈয়ব বাহাদুর (৪৫)-এর গলা ও হাত রশি দিয়ে বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ মার্চ) গভীর রাতে উপজেলার উদয়কাঠী ইউনিয়নের একটি জলাশয় থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তৈয়ব বাহাদুর ইলুহার ইউনিয়নের মলুহার গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত আজাহার বাহাদুরের ছেলে। তিনি উদয়কাঠী বাজারে মুদি ও বিকাশের ব্যবসা করতেন।

পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ঈদের দিন রাত প্রায় ১১টা পর্যন্ত দোকানে কাজ শেষে তিনি দিনের লেনদেনের টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু গভীর রাত পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাড়ি ফেরার পথের পাশে উদয়কাঠী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে একটি জমিতে জমে থাকা পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। এ সময় তার গলা এবং পিছমোড়া করে বাঁধা দুই হাত রশি দিয়ে বাঁধা ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রোববার (২২ মার্চ) মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ধারণা, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিহতের পাশ থেকে তার ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও একটি ব্যাগে প্রায় ৩০ হাজার টাকা উদ্ধার হলেও, আরও বড় অঙ্কের টাকা থাকা ব্যাগটি পাওয়া যায়নি।

উদয়কাঠী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মামুন উর-রশিদ স্বপন জানান, ঘটনার কিছুক্ষণ আগেও তিনি তৈয়ব বাহাদুরের সঙ্গে বাজারে কথা বলেছেন। পরে রাতের দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। তিনি জানান, তৈয়ব বাহাদুর অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের মানুষ ছিলেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এদিকে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে এমন নৃশংস ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান জানান, অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। হত্যার প্রকৃত রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ