
ঠাকুরগাঁও, বালিয়াডাঙ্গী (প্রতিনিধি) মো:রবিউল আউয়াল
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় শুরু হয়েছে বর্ণিল আনন্দমেলা। আজ রোববার থেকে বালিয়াডাংগী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। ঈদের আনন্দকে ঘিরে আয়োজিত এ মেলা ঘিরে ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
মেলার প্রথম দিন থেকেই নানা বয়সী মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ এলাকা।
শিশু-কিশোরদের জন্য বিভিন্ন ধরনের দোলনা, নাগরদোলা, ট্রেন রাইডসহ বিনোদনের নানা আয়োজন করা হয়েছে। এছাড়াও রয়েছে খেলনা সামগ্রী, কসমেটিকস, পোশাক ও গৃহস্থালি পণ্যের অস্থায়ী দোকান। মেলার একাধিক স্টলে দেখা গেছে ফুচকা, চটপটি, জিলাপি, আইসক্রিমসহ বিভিন্ন মুখরোচক খাবারের সমারোহ।
স্থানীয় বাসিন্দারা জানান, ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটানোর জন্য এমন আয়োজন এলাকাবাসীর জন্য একটি বড় বিনোদনের সুযোগ তৈরি করেছে। বিশেষ করে শিশুদের আনন্দ-উচ্ছ্বাস মেলায় নতুন মাত্রা যোগ করেছে।
মেলায় আগত এক দর্শনার্থী বলেন, “ঈদের পর এমন একটি আয়োজন সত্যিই আনন্দ বাড়িয়ে দিয়েছে। পরিবার নিয়ে ঘুরতে এসে খুব ভালো লাগছে।”
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ উপলক্ষে আয়োজিত এ আনন্দমেলা কয়েকদিনব্যাপী চলবে এবং প্রতিদিন দুপুর থেকে রাত পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তারা জানান।
এদিকে, মেলাকে কেন্দ্র করে এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরাও বেশ ভালো বেচাকেনার আশা করছেন। তারা বলছেন, এমন আয়োজন স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে।
সর্বোপরি, ঈদের আনন্দকে আরও বর্ণিল করে তুলতে বালিয়াডাঙ্গীর এই আনন্দমেলা স্থানীয়দের কাছে এক মিলনমেলায় পরিণত হয়েছে