শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

কটিয়াদীতে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের মিথ্যা অভিযোগের প্রতিবাদে মুমুরদিয়া ইউপি চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

কটিয়াদী (কিশোরগঞ্জ)প্রতিনিধি:

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি বরাদ্দকৃত ভিজিএফ চাল বিতরণে অনিয়মের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১৩ মার্চ, ২০২৬ খ্রিঃ) দুপুরে মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী।

সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আলা উদ্দিন সাবেরী বলেন, “পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইউনিয়নের অসহায়, দুস্থ ও অতিদরিদ্র পরিবারের মাঝে সরকারি নীতিমালা অনুসরণ করে অত্যন্ত স্বচ্ছতার সাথে ভিজিএফ-এর চাল বিতরণ করা হয়েছে। বিতরণের সময় প্রশাসনের নিয়োগকৃত ট্যাগ অফিসার উপস্থিত ছিলেন এবং প্রতিটি কার্ডধারীকে সঠিক মাপে চাল বুঝিয়ে দেওয়া হয়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম বা চাল আত্মসাতের ঘটনা ঘটেনি।”

তিনি অভিযোগ করে বলেন, “একটি স্বার্থান্বেষী মহল ব্যক্তিগত ও রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার এবং বর্তমান পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। চাল বিতরণে অনিয়মের যে অভিযোগ তোলা হয়েছে, তার কোনো ভিত্তি নেই। আমি এই ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “মুমুরদিয়া ইউনিয়ন পরিষদ সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। সরকারের এই মানবিক সহায়তা যাতে প্রকৃত দুস্থরা পায়, তা আমরা নিশ্চিত করেছি। আমি প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের অনুরোধ জানাবো, আপনারা সরেজমিনে তদন্ত করে সত্য তুলে ধরুন। মিথ্যা তথ্য দিয়ে যারা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে, তাদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন।”

সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ (মেম্বার), স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মোঃআলমগীর
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ