মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কটিয়াদীরের এক প্রবাসী যুবক নিহত

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

সৌদি আরবের আল খারিজ শহরে ইরানের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র (মিসাইল) হামলায় বাচ্চু মিয়া (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। রোববার (৮ মার্চ) ইফতারের আগমুহূর্তে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের রইস উদ্দিনের ছেলে।

সোমবার (৯ মার্চ) কটিয়াদী উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে মক্কা প্রবাসী ইমরান হুসাইন বাচ্চু মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যে এলাকায় মিসাইল হামলার ঘটনা ঘটেছে, সেখানে একটি মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে। ধারণা করা হচ্ছে, সেই ঘাঁটি লক্ষ্য করে ছোড়া মিসাইলটি শ্রমিক ক্যাম্পে আঘাত হানে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া দুই কন্যাসন্তানের জনক। এর মধ্যে একজন কন্যা শিশু মানসিক প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। তার মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে পরিবারসহ পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

বাচ্চু মিয়ার রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার বলেন, বাচ্চু মিয়া দেশে থাকাকালে ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং কটিয়াদী উপজেলা শিবিরের সভাপতির দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সৌদি আরব শাখা জামায়াতে ইসলামীর একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

নিহত বাচ্চু মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী।

মোঃ আলমগীর
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ