শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ১০:১৬ অপরাহ্ন

দিরাইয়ে ৭৮৫ পরিবার পাচ্ছে ফ্যামেলি কার্ড

স্টাফ রিপোর্টার, গোলাম জিলানী:
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, গোলাম জিলানী:

সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জের দিরাই উপজেলায় ফ্যামেলি কার্ড বিতরণের প্রস্তুতি শেষ পর্যায়ে। ইতোমধ্যে ৯৫৪টি পরিবারের জরিপ সম্পন্ন করে যাচাই-বাছাই শেষে ৭৮৫টি পরিবারের তথ্য সার্ভারে আপলোড করা হয়েছে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রীর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধনের কথা রয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, পাইলট প্রকল্প হিসেবে দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়ন-এর ৬ নম্বর ওয়ার্ডের আকিল শাহ, রাধানগর ও উত্তর সূরিয়ারপাড় গ্রাম নির্বাচন করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-এর তথ্য অনুযায়ী, এ তিন গ্রামে মোট ৯৬৮টি খানা রয়েছে। তবে একাধিকবার বাড়ি-বাড়ি গিয়ে জরিপ চালিয়ে ৯৫৪টি খানা চূড়ান্তভাবে তালিকাভুক্ত করা হয়।

জরিপ কার্যক্রমে নির্ধারিত ফরমের মাধ্যমে প্রতিটি পরিবারের সর্বোচ্চ ৪৯টি তথ্য সংগ্রহ করা হয়েছে। বর্তমানে ওই তিন গ্রামে সরকারের বিভিন্ন সামাজিক ভাতা কর্মসূচির আওতায় ১৭৩ জন বয়স্ক ভাতা, ৮৬ জন বিধবা ভাতা এবং ৭০ জন প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের ভিডব্লিউভি কর্মসূচির আওতায় ৩৪ জন এবং খাদ্য অধিদপ্তরের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪১ জন উপকারভোগী রয়েছেন।

দিরাই উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সারোয়ার জানান, কোনো পরিবার যাতে বাদ না পড়ে সে লক্ষ্যে একাধিকবার যাচাই-বাছাই করা হয়েছে। একই পরিবারের তথ্য একাধিকবার অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনা থাকায় চূড়ান্তভাবে সঠিক তথ্য যাচাই করে সার্ভারে আপলোড করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত শেষ দিনে ৭৮৫টি পরিবারের তথ্য জমা সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতে বাড়ি-বাড়ি গিয়ে জরিপ কার্যক্রম পরিচালিত হয়েছে। চূড়ান্তভাবে কতটি পরিবার ফ্যামেলি কার্ড পাবে, সে সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রহণ করবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ