মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুর জেলা নির্বাচন কার্যালয়ের স্টোর রুমে গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

মোঃ শাকিল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে

মোঃ শাকিল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ৪টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কার্যালয়ের কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে।

কার্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, মাস্ক পরিহিত এক যুবক গেটের পশ্চিম পাশের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে। কিছুক্ষণ পর স্টোর রুম থেকে আগুনের আলো দেখা যায়। এরপর ওই যুবক দ্রুত দেয়াল টপকে বেরিয়ে যায়।

সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন জানান, দুর্বৃত্ত জানালার কাচ ভেঙে বা খুলে ভেতরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এ সময় কার্যালয়ের দারোয়ান হামিম ঘুমিয়ে ছিলেন। তিনি টের পেয়ে চিৎকার করলে দুর্বৃত্ত পালিয়ে যায়। আগুনে ২০০৮ ও ২০০৯ সালের ভোটার তালিকার দ্বিতীয় ফরম পুড়ে গেছে। পাশাপাশি একটি অকেজো ডেস্কটপ সিপিইউসহ কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদ বলেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষতি হয়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান বলেন, এ ঘটনার পর জেলার সব নির্বাচন কার্যালয়ে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ