
মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১১টায় দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
গণমিছিলে নেতৃত্ব দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমীর অধ্যক্ষ মোঃ আনিসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর শহর জামায়াতের আমীর মোঃ সিরাজুস সালেহীন, সদর উপজেলা জামায়াতের আমীর মোঃ মেহেরাব আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, “জুলাই গণঅভ্যুত্থান ছিল দেশের ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত, যেখানে জনগণের রক্ত এবং ত্যাগের বিনিময়ে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে। এই গণজাগরণ ছিল জুলুম-দুর্নীতির বিরুদ্ধে একটি স্পষ্ট বার্তা।”
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ জনগণের অধিকার প্রতিষ্ঠা, ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনের আহ্বান জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।