
উসমান গনি শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
(২ আগস্ট) শনিবার রাত তিনটার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের সাফারি পার্ক সংলগ্ন ইন্দ্রপুর গ্রামে, স্ত্রীকে তালা বদ্ধ করে রেখে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মিজানুর রহমান এর বিরুদ্ধে। নি-হত মারুফা আক্তার (৪৫) ইন্দ্রবপুর গ্রামের মৃত মনতাজ উদ্দিনের মেয়ে। ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের স্বামী মিজানুর রহমান পলাতক রয়েছে। অভিযুক্ত স্বামী মো. মিজানুর রহমান একই গ্রামের মো. সুলতান মিয়ার ছেলে। তিনি একটি ওষুধের দোকান পরিচালনা করেন।
নিহতের স্বজনরা জানান,রাত আনুমানিক আড়াইটার দিকে অভিযুক্ত মিজানুর রহমানের বাড়ির আশপাশের মানুষ আগুন আগুন করে চিৎকার দেয়। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে গিয়ে বাসার মূল ফটক তালাবদ্ধ দেখতে পান তারা। এর পর সবাই মিলে ঘরের তালা ভেঙে আগুন নেভানো শুরু করে। ততক্ষণে পোশাক শ্রমিক মারুফা আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যান।
এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, আনুমানিক রাত আড়াইটার দিকে ঘর তালাবদ্ধ করে আগুন লাগিয়ে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে মিজানুর রহমানের বিরুদ্ধে। আলামত সংগ্রহের জন্য অপরাধ তদন্ত বিভাগ সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে কাজ করছে।