রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

টেকনাফে কোস্ট গার্ডের পৃথক দুই অভিযান: ১৯ কোটি টাকার ইয়াবা জব্দ, আটক ৫

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে মোট প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা জব্দ এবং ৫ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে।

কোস্ট গার্ড সূত্র জানায়, ২৭ মার্চ ২০২৬ ইং সকাল সাড়ে ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া লবণের গোলা এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে ইয়াবা পাচারের তথ্য পায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। পরে টেকনাফ থানাধীন নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মেসতলি বাজার এলাকার মোঃ মান্নানের ছেলে সাহাদাত হোসেন (সাকিব) নামে এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে, একই দিন মধ্যরাত ২টার দিকে মায়ানমার থেকে ইয়াবার একটি চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড ওই এলাকায় রাডার নজরদারি ও বিশেষ টহল জোরদার করে। এ সময় শাহপরীর দ্বীপ গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোট বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী অভিযান চালিয়ে বোটটি আটক করে।

পরে বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় টেকনাফের শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের মোঃ সোলতানের ছেলে মোঃ ইয়াসিন (৩৫), হাজম পাড়ার মকবুল আহমেদের ছেলে মোঃ ইসমাইল (২২), লাল মোহাম্মদের ছেলে গিয়াস উদ্দিন (৩২) এবং জসিম উদ্দিন (৩৩) নামে ৪ জনকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) সাব্বির আলম সুজন জানান, জব্দকৃত ইয়াবা, পাচারকাজে ব্যবহৃত বোট ও কাভার্ড ভ্যানসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ