শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

টেকনাফ সীমান্তে ইয়াবার পাহাড়! বিজিবির অভিযানে ৪ লাখ ২০ হাজার পিস জব্দ

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি।
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ২৭ বার পড়া হয়েছে

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফ সীমান্ত এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৪ লাখ ২০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি ৬০ লাখ টাকা।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৬ মার্চ ২০২৬ ভোররাতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এ অভিযান পরিচালনা করে। এতে ব্যাটালিয়ন সদর ও জীম্বংখালী বিওপির একটি বিশেষ টহল দল অংশ নেয়।
রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে টহল দল সীমান্ত পিলার বিআরএম-১৭ সংলগ্ন এলাকায়, বিওপি থেকে প্রায় ৩ কিলোমিটার উত্তর-পূর্বে বাংলাদেশের অভ্যন্তরে ‘সাকেরের ঘের’ এলাকায় অবস্থান নেয়। পরে রাত ৩টার দিকে মিয়ানমার থেকে ৩ জন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখা যায়।

এ সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে চোরাকারবারীরা পাশের ঘেরে পানিতে নেমে সাঁতরে পুনরায় মিয়ানমারের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একটি প্লাস্টিকের বস্তার ভেতরে স্কচটেপে মোড়ানো খাকী রঙের বায়ুরোধী ৪২টি প্যাকেট থেকে মোট ৪ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি। একইসঙ্গে পালিয়ে যাওয়া চোরাকারবারীদের ধরতে এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও রাতের অন্ধকারে কাউকে আটক করা সম্ভব হয়নি।

উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, পলাতক চোরাকারবারীদের শনাক্ত করে গ্রেফতারে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত নিরাপত্তা, মাদকদ্রব্য দমন ও চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ