মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

দিনাজপুরের কাহারোলে খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

মো: সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

মো: সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরের কাহারোল উপজেলায় সাহাপাড়া এলাকায় খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৬ মার্চ ২০২৬) বেলা সাড়ে ১২টায় কাহারোল উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের সাহাপাড়ায় এই খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। একই সঙ্গে দেশের ৫৩টি জেলায় খাল পুনঃখনন কার্যক্রমেরও উদ্বোধন করা হয়। সরকারের পরিকল্পনা অনুযায়ী সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

পরে স্থানীয় বিএনপি আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং বেগম খালেদা জিয়ার দল। আমরা এমন কাজ করতে চাই, যা মানুষের উপকারে আসে। সেই লক্ষ্য নিয়েই আজ সাহাপাড়ায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

তিনি বলেন, সাহাপাড়ার এই খাল খনন কাজ শেষ হলে এ এলাকার প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবে এবং প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমিতে সেচ দেওয়া সম্ভব হবে। এতে প্রায় সাড়ে ৩ লাখ মানুষ সরাসরি উপকৃত হবে।

তারেক রহমান বলেন, সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে দীর্ঘদিন পর মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছে। নির্বাচনের আগে আমরা অনেক প্রতিশ্রুতি দিয়েছিলাম। দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন এবং কৃষির সঙ্গে জড়িত। আমরা বিশ্বাস করি—কৃষক বাঁচলে দেশ বাঁচবে। সে কারণেই মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি, সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন এমপি, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এমপি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এমপি, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি, দিনাজপুর-৪ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর সদর আসনের এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-১ আসনের এমপি মনজুরুল ইসলাম মঞ্জু এবং দিনাজপুর-২ আসনের এমপি সাদিক রিয়াজ চৌধুরীসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি।

সমাবেশ শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরস্থানের উদ্দেশ্যে রওনা দেন। সেখানে তিনি তাঁর নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। পরে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ