শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

ঈদকে সামনে রেখে দিনাজপুরে জমজমাট কেনাকাটা

মোঃ সালাম রাব্বানী স্টাফ রিপোর্টার,দিনাজপুর
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার,দিনাজপুর

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উত্তরের সীমান্ত শহর দিনাজপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা। শহরের বড় বড় বিপণিবিতান থেকে শুরু করে ফুটপাতের দোকান—সবখানেই এখন ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে।
তবে এবারের কেনাকাটার চিত্র কিছুটা ভিন্ন। বিশেষ করে ভিসা জটিলতার কারণে অনেকেই প্রতিবেশী দেশে গিয়ে কেনাকাটা করতে পারেননি। ফলে তারা স্থানীয় বাজারেই কেনাকাটা সারছেন, যার প্রভাব পড়েছে দিনাজপুর শহরের বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানে।

শহরের ঐতিহ্যবাহী মালদহ পট্টি, জেলরোড ও বাহাদুরবাজার এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বেচাকেনা। মালদহ পট্টির বড় বড় শোরুমগুলোতে নারীদের শাড়ি ও থ্রি-পিস কেনার ভিড় চোখে পড়ার মতো। অনেক দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পছন্দের পোশাক কিনতে দেখা গেছে।
বিক্রেতারা জানান, এবারের ঈদে তরুণীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানি ড্রেস। অন্যদিকে জেলরোড এলাকার গার্মেন্টস দোকানগুলোতে শিশুদের বাহারি পোশাকের চাহিদা সবচেয়ে বেশি। ফলে এসব দোকানেও তিল ধারণের জায়গা নেই।

তবে কেনাকাটার আনন্দের মাঝেও কিছুটা অসন্তোষ প্রকাশ করছেন ক্রেতারা। তাদের অভিযোগ, গত বছরের তুলনায় এবছর প্রতিটি পোশাকের দাম ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বেড়েছে। এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, যে কাপড়ের দাম আগে ছিল ১২০০ টাকা, সেটি এখন ২৫০০ টাকায় বিক্রি করা হচ্ছে। ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য ঈদের বাজেট মেলানো কঠিন হয়ে পড়েছে।

অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন ভিন্ন কথা। তাদের দাবি, কাপড়ের মান ও বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় দাম খুব বেশি নয়। রমজানের প্রথম দিকে বিক্রি কিছুটা কম থাকলেও মাঝামাঝি সময় থেকে ক্রেতাদের ভিড় বাড়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

সীমান্ত পেরিয়ে ওপার দেশে গিয়ে কেনাকাটার যে দীর্ঘদিনের রেওয়াজ ছিল, এবারের ভিসা জটিলতায় তাতে কিছুটা ছেদ পড়েছে। তবে দিনাজপুরের বিপণিবিতানগুলোতে দেশি-বিদেশি নানা ধরনের পোশাকের পসরা থাকায় আক্ষেপ ভুলে স্থানীয় বাজারেই ঈদের কেনাকাটা সেরে নিচ্ছেন সাধারণ মানুষ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ