
মোঃ সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর:
দিনাজপুর সদর উপজেলার পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রখ্যাত চাঁদাবাজ ও আওয়ামী লীগের দোসর হিসেবে অভিযুক্ত মোস্তফা রিয়াদ পান্না তার সহযোগীদের নিয়ে স্থানীয় ব্যবসায়ী মো. তোফাজ্জল হোসেনের কাছে চাঁদা দাবি করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানালে মো. আনোয়ার হোসেনের ওপর নৃশংস হামলা চালানো হয় বলে দাবি করেন এলাকাবাসী।
ঘটনার প্রতিবাদে দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের সর্বস্তরের সাধারণ মানুষ পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজি দিন দিন বেড়ে যাচ্ছে। এসব অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ সময় মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।