
শাহাবু উদ্দিন মুন্না কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ-কক্সবাজার সড়কে অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী প্রাইভেটকার থেকে ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় প্রাইভেটকারের চালককে আটক করা হয়েছে।
শনিবার (৭ মার্চ ২০২৬) সকালে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে এ ইয়াবা উদ্ধার করা হয়।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকাল আনুমানিক ৮টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকারে শীলখালী অস্থায়ী চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা তল্লাশি চালান। এ সময় গাড়ির সিট কভারের পেছনে অভিনব কায়দায় লুকানো কালো কসটেপে মোড়ানো ১০টি প্যাকেট উদ্ধার করা হয়। পরে প্যাকেটগুলো খুলে গণনা করে ২০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এ ঘটনায় প্রাইভেটকারের চালক জিয়ারুল করিম (৩০) কে আটক করা হয়েছে। তিনি টেকনাফ উপজেলার উলিয়াবাদ (৫ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত আমির হামজার ছেলে।
এসময় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও একটি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, টেকনাফ থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম জানান, মাদক সরবরাহকারী ও জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবা, জব্দ করা প্রাইভেটকার ও মোবাইল ফোনসহ আটক আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।