মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

খুলনা-৬ আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা: কয়রায় এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে বিশাল গণমিছিল

কয়রা (খুলনা)প্রতিনিধি: মোস্তফা রেজওয়ানুল করিম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা)প্রতিনিধি: মোস্তফা রেজওয়ানুল করিম

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বিএনপি মনোনীত প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পির সমর্থনে আয়োজিত বিশাল গণমিছিল। সোমবার বিকেলে কয়রা উপজেলা সদরের প্রধান সড়কগুলোতে ধানের শীষের পক্ষে জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতিকে স্থানীয় রাজনীতিতে বড় ধরনের শক্তির মহড়া হিসেবে দেখছেন সাধারণ মানুষ।
বিকেল ৪টায় কপোতাক্ষ কলেজ মাঠ থেকে গণমিছিলটি শুরু হয়। এর আগেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কলেজ মাঠে জড়ো হতে থাকেন। ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

মিছিলটি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে কয়রা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষকে হাত নেড়ে ও শ্লোগানে অংশ নিয়ে প্রার্থীর প্রতি সমর্থন জানাতে দেখা যায়।

গণমিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন,
“মানুষের ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে আজ কয়রা-পাইকগাছার মানুষ ঐক্যবদ্ধ। ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। আমরা শান্তিতে বিশ্বাসী এবং জনগণের রায়ে নির্বাচিত হয়ে মানুষের সেবা করতে চাই।”
উপজেলা বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবুলের সভাপতিত্বে এবং সদস্য সচিব এম এ হাসানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, জেলা যুবদলের সদস্য সচিব নাদিমুজ্জামান জনি, জেলা সদস্য মনিরুজ্জামান বেল্টু, বিএনপি নেতা শেখ আব্দুর রশিদসহ স্থানীয় জ্যেষ্ঠ নেতৃবৃন্দ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন জি এম মাওলা বকস, সরদার মতিয়ার রহমান, মো. শরিফুল আলম, অধ্যাপক আবুল কালাম আজাদ, যুবদল নেতা ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান শোভন, মুহতাসিম বিল্লাহ, শ্রমিক দল নেতা আকবর হোসেন, আ. রউফসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

বক্তারা যেকোনো উস্কানি ও ষড়যন্ত্র মোকাবিলা করে ভোটারদের নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যাওয়ার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে একটি বিশাল গণমিছিল উপজেলা সদর প্রদক্ষিণ করে নেতাকর্মীদের উজ্জীবিত করার মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ