
শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
নড়াইলের লোহাগড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সুজিত পোদ্দার (মালা টেলিকম) নামে এক প্রতিবন্ধী ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে মনির নামে এক যুবক। ঘটনায় গুরুতর আহত সুজিতকে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে লোহাগড়া বাজারে সোনালী ব্যাংকের উত্তর পাশে মালা টেলিকম দোকানে এ হামলার ঘটনা ঘটে। আহত সুজিত লোহাগড়া পৌরসভার পেদ্দার পাড়ার বাসিন্দা।
ঘটনার পর রাতেই আহতের স্ত্রী পপি পোদ্দার বাদী হয়ে মনিরকে একমাত্র আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করেন।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে অভিযান চালিয়ে মনিরকে ধারালো ছুরিসহ গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত মনিরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দোকানে এসে মনির মোবাইলের আইডি নম্বর বের করে দিতে বললে সুজিত জানান এটি করা সম্ভব নয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মনিরের হাতে থাকা ছুরি দিয়ে সুজিতের গলায় আঘাত করে গুরুতর জখম করে।
আহতের স্ত্রী পপি পোদ্দার বলেন, “আমার স্বামীকে পরিকল্পিতভাবে কুপিয়ে জখম করা হয়েছে। আমি ঘটনার সঠিক বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
শরিফুজ্জামান
নড়াইল