বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

জামালপুরে ইয়াবার আস্তানায় অভিযান কুখ্যাত মাদক ব্যবসায়ী বিলাত আলী আটক,

জামালপুর প্রতিনিধি : মোঃ লিটন রাজ।
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

জামালপুর প্রতিনিধি : মোঃ লিটন রাজ।

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের শেকপাড়া (চকবাজার) এলাকায় দীর্ঘদিন ধরে গড়ে ওঠা মাদক কারবারের একটি শক্ত ঘাঁটিতে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী বিলাত আলীকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়, যা এলাকায় মাদক বিস্তারের একটি বড় নেটওয়ার্কের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেনের দিকনির্দেশনায় এসআই নুর মোহাম্মদ ও তার নেতৃত্বাধীন একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে শেকপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় বিলাত আলীকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের দাবি, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং স্থানীয় তরুণ সমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, বিলাত আলীর নেতৃত্বে একটি সক্রিয় মাদক চক্র দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। নানা সময় অভিযোগ উঠলেও রহস্যজনক কারণে তা দৃশ্যমানভাবে দমন করা সম্ভব হয়নি। তবে সর্বশেষ এই অভিযানে তাকে গ্রেপ্তার করায় এলাকাজুড়ে স্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে।

এলাকাবাসী আরও জানান, “এ ধরনের অভিযান যদি নিয়মিত হয়, তাহলে খুব দ্রুতই রশিদপুর ইউনিয়নকে মাদকমুক্ত করা সম্ভব।” তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদেরও দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, আটককৃত বিলাত আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যান্য সহযোগীদের শনাক্ত করতে তদন্ত জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট মহল মনে করছে, এই অভিযান কেবল একটি গ্রেপ্তারেই সীমাবদ্ধ না রেখে পুরো মাদক সিন্ডিকেট ভেঙে দিতে হলে ধারাবাহিক ও কঠোর আইন প্রয়োগ অপরিহার্য। অন্যথায়, সাময়িক স্বস্তির পর আবারও মাথাচাড়া দিয়ে উঠতে পারে এই ভয়ংকর মাদক চক্র।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ