
মো: রবিউল আউয়াল, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও):
বাংলাদেশ পুলিশ–এর ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ–২০২৬কে ঘিরে জনসাধারণকে সঠিক তথ্য দিতে ঠাকুরগাঁও জেলা পুলিশের উদ্যোগে বালিয়াডাঙ্গীতে একটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ ২০২৬) বিকেল ৩টায় বালিয়াডাঙ্গী রুপালী ব্যাংকের দক্ষিণ পাশে অবস্থিত সফিকুল চেয়ারম্যান মার্কেটে এ সভা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুলবুল ইসলাম, অফিসার ইনচার্জ, বালিয়াডাঙ্গী থানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ বেলাল হোসেন, পুলিশ সুপার, ঠাকুরগাঁও।
সভায় নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, সঠিক তথ্য প্রচার এবং সাধারণ মানুষের আস্থা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়।
উপজেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট জিল্লুর রহমান বলেন, নিয়োগ ব্যবস্থায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন, যাতে দরিদ্র ও মেধাবী প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে সুযোগ পায়।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন বলেন, এই নিয়োগ কার্যক্রম সম্পূর্ণ বিনামূল্যে হবে এবং শুধুমাত্র মেধা ও পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রার্থী নির্বাচন করা হবে। কোনো ধরনের অনিয়ম, তদবির বা দুর্নীতির আশ্রয় নিলে প্রার্থীর নিয়োগ বাতিল হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
তিনি আরও উল্লেখ করেন, সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে পুলিশ প্রশাসন প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি মাদক নির্মূল কার্যক্রম ও চলমান তেল সংকট মোকাবেলায় সবার সহযোগিতা কামনা করেন।