
সিরাজগঞ্জ প্রতিনিধি মোঃ শরিফুল ইসলাম।
সিরাজগঞ্জের শাহজাদপুরে ঈদ সালামির কথা বলে ডেকে নিয়ে সোহেল রানা (২৪) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঈদের দিন সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া-চিনাধুকুরিয়া আঞ্চলিক সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সোহেল রানা সড়াতৈল গ্রামের আজাদ মণ্ডলের ছেলে।
পরিবারের অভিযোগ, চাঁদরাতে সন্ধ্যার দিকে সোহেলের মোবাইল ফোনে কয়েকবার কল আসে। ফোনে তাকে জানানো হয়, এক প্রভাবশালী ব্যক্তি ঈদ সালামি দিচ্ছেন এ কথা বলে তাকে বাড়ির বাইরে ডাকা হয়। পরে বাড়ি থেকে বের হলে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তাকে জোর করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে নিয়ে যায়।
এরপর থেকেই সোহেলের ফোন বন্ধ পাওয়া যায়।
পরিবারের সদস্যরা সারারাত বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন সকালে বাড়ির কাছের একটি ধানক্ষেতে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহতের মা রুবি খাতুন বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
শাহজাদপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।