
এস এইচ রতন,বাগেরহাট
বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান দেশে খাদ্য উৎপাদন বাড়িয়ে কৃষি পুনরুজ্জীবন ঘটাতে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা দেশের জন্য আজও সময়ের দাবিতে পরিনত হয়েছে। এই বাস্তবাতাকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার আগামী ৫ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে। প্রতিবেশ সংকটাপন্ন এলাকা সুন্দরবনের পাশে মোংলায় এই খাল খনন কর্মসুচি বাস্তুতন্ত্র পুনরুদ্ধারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেই সাথে ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে।
শনিবার সকালে বাগেরহাটের মোংলার সাহেবেরমেঠ গ্রামের মাদুরপাল্টা খাল পুনঃখনন কর্মসুচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী নদী-খাল দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়ে আরো বলেন, জলবায়ু ও পরিবেশ বিপর্যয় থেকে র¶া পেতে হলে নদী-খাল-বিল-পাহাড়, বনজঙ্গল ও জলাশয় র¶া করতে হবে। মোংলায় খাল পুনঃখনন কর্মসুচির আওতায় প্রথম পর্বে ১২.৫৫ কিলোমিটার দৈর্ঘের ৬টি খাল ও ১টি পুকুর পুনঃখনন করা হবে। এতে ২ হাজার ৫০ পরিবার উপকৃত হবে। ৩ হাজার একর জমি উন্নত চাষাবাদের আওতায় আসবে বলেও জানান প্রতিমন্ত্রী। পরে তিনি কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্ধোধন করেন।
মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমীর সভাপতিত্বে খাল খননের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, পরিবেশযোদ্ধা মো. নূর আলম শেখ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদ হোসেন ও খাল পুনঃখনন কর্মসূচির স্থানীয় প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি মোল্লা সফরুল হায়দার সুজন। #