
মো: সালাম রাব্বানী
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
মুকুলে ভরে উঠেছে বাগান, পরিচর্যায় ব্যস্ত চাষীরা
দিনাজপুরের বিরল উপজেলায় এবারও লিচুর বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকার লিচু বাগান ঘুরে দেখা গেছে, গাছে গাছে মুকুল শোভা পাচ্ছে। অনেক গাছেই মুকুল থেকে ইতোমধ্যে থোকা থোকা লিচুর ফলন আসতে শুরু করেছে। এতে করে চাষীদের মুখে ফুটেছে স্বস্তির হাসি।
কৃষকরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর ফলন গত বছরের চেয়েও বেশি হতে পারে। ভালো ফলনের পাশাপাশি বাজারমূল্য সন্তোষজনক থাকলে দ্বিগুণ লাভের আশায় রয়েছেন তারা। বর্তমানে বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষীরা। নিয়মিত পানি সেচ, আগাছা পরিষ্কার এবং প্রয়োজনীয় কীটনাশক স্প্রে কার্যক্রম চালানো হচ্ছে।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, গুণগত মান ঠিক রেখে লিচু উৎপাদনের লক্ষ্যে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে মুকুল ঝরে পড়া রোধ এবং পোকামাকড় দমনে সঠিক মাত্রায় ওষুধ প্রয়োগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।
তবে লিচু চাষীদের দাবি, উৎপাদন বাড়লেও সংরক্ষণ সুবিধার অভাবে অনেক সময় ন্যায্য মূল্য পাওয়া যায় না। তাই উপজেলায় একটি আধুনিক লিচু সংরক্ষণ হিমাগার স্থাপনের দাবি জানিয়েছেন তারা। সংশ্লিষ্টদের মতে, হিমাগার স্থাপন করা হলে কৃষকরা দীর্ঘ সময় লিচু সংরক্ষণ করে ভালো দামে বিক্রির সুযোগ পাবেন।