শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

আজ থেকে শুরু অমর একুশে বইমেলা ২০২৬

মিয়াদ হাসান স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

মিয়াদ হাসান
স্টাফ রিপোর্টার

‘বহুমাত্রিক বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান-এ আয়োজিত এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান বেলা দুইটায়। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করবেন।

আগামী ১৫ মার্চ পর্যন্ত (ছুটির দিন ছাড়া) প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। রাত সাড়ে ৮টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিনে মেলা চলবে বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

সাধারণত প্রতি বছর ১ ফেব্রুয়ারি বইমেলা শুরু হলেও এ বছর জাতীয় নির্বাচনের কারণে নির্ধারিত সময়ে আয়োজন সম্ভব হয়নি। এর আগে করোনা মহামারির কারণে ২০২১ ও ২০২২ সালেও ফেব্রুয়ারিতে বইমেলা আয়োজন করতে পারেনি আয়োজক প্রতিষ্ঠান।

পবিত্র রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে সম্ভাব্য ব্যবসায়িক ক্ষতির আশঙ্কায় শুরুতে অনেক প্রকাশক মেলায় অংশগ্রহণ নিয়ে দ্বিধায় ছিলেন। তবে শেষ মুহূর্তে স্টলভাড়া শতভাগ মওকুফসহ তিনটি দাবি মেনে নেওয়ায় প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণে সম্মত হয়।

এবারের মেলায় অংশ নিচ্ছে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৬৮টি প্রতিষ্ঠান স্টল নিয়েছে। মোট ইউনিট সংখ্যা ১ হাজার ১৮টি। উদ্যানের উন্মুক্ত মঞ্চসংলগ্ন গাছতলায় লিটল ম্যাগাজিন চত্বর স্থাপন করা হয়েছে, যেখানে ৮৭টি লিটল ম্যাগাজিনকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

মেলার শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠান ও ১০৭টি ইউনিট অংশ নিচ্ছে। প্রতি শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত থাকবে ‘শিশুপ্রহর’। প্রতিদিন বেলা তিনটা থেকে চারটা পর্যন্ত মূল মঞ্চে বিষয়ভিত্তিক সেমিনার এবং চারটা থেকে পাঁচটা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে জ্ঞান, সৃজনশীলতা ও মুক্তচিন্তার বিকাশে অমর একুশে বইমেলা বরাবরের মতো এবারও বাঙালির সাংস্কৃতিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ